মহেশখালীতে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত সোমবার রহমত উল্লাহ (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উপজেলার পশ্চিম কালাগাজিরপাড়ার জোনাব আলী ও কাটালতলীপাড়ার জালাল আহমদের মধ্যে বিরোধ চলছিল। ইতিমধ্যে দুই পক্ষের মধ্যে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। গত ৬ মার্চ সকালে জোনাব আলীর চাচাতো ভাই রহমত উল্লাহর ছেলে আশেক উল্লাহ (১২) মাদ্রাসা থেকে বাড়িতে ফিরছিল। পথে জালালের লোকজন তাকে অপহরণ করে নিয়ে যান। এ ঘটনায় আশেকের মা রোকেয়া বেগম ৩১ জনের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা করেন। এতে জোনাব আলীর পক্ষের লোকজন ক্ষিপ্ত হন। সোমবার দুপুর ১২টার দিকে ছনখোলাপাড়ার বাড়িতে হামলা চালিয়ে তাঁরা জালাল গ্রুপের সদস্য রহমত উল্লাহকে ধরে পাহাড়ি এলাকায় নিয়ে যান। সেখানে রহমতকে মারধরের পর কুপিয়ে হত্যা করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে ছনখোলাপাড়া ও হরিয়াছড়া এলাকার লোকজন তাঁদের ধাওয়া করে। এ সময় তাঁরা লাশ ফেলে পালিয়ে যান। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই দিন সন্ধ্যায় মো. সলিম উল্লাহ ও মো. ফরিদ নামের দুই যুবককে আটক করে। তবে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।