মহেশখালীতে যুবককে গুলি করে হত্যা, গ্রেপ্তার ৫
কক্সবাজারের মহেশখালীতে আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত শুক্রবার সকালে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছেন। নিহতের নাম জয়নাল আবেদীন (২৫)। পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকায় এনাম ও ফেরদৌসের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ইতিমধ্যে দুই পক্ষের মধ্যে বেশ কয়েকবার বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে এবং দুই পক্ষের শতাধিক লোকের বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে।এদিকে গতকাল সকালে কেরুনতলী বাজারের দক্ষিণে নয়াপাড়া এলাকায় এনাম পক্ষের লোকজন প্রতিপক্ষ ফেরদৌসের পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। একপর্যায়ে এনামের লোকজনের গুলিতে ফেরদৌস পক্ষের জয়নাল আবেদীন নিহত হন।এ ঘটনায় শুক্রবার রাতে নিহতের ছোট ভাই নুরুল হাসেম বাদি হয়ে আকতার হামিদ ও হোয়ানক ইউপি চেয়ারম্যান এনামুল করিমসহ ৩২ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। শুক্রবার ও গতকাল শনিবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আকতার হামিদের ছোট ভাই মহসিন চৌধুরী (৩৫), আবুল হাসেম (২২), কুতুব উদ্দিন (২০), আনচার হোনে (৩০) ও রবিউল আলম ওরফে লালাইয়া (২৮)। হোয়ানক ইউনিয়নের চেয়ারম্যান এনামুল করিমের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত ছিলাম না, এটা এলাকার সবাই জানেন। কিন্তু হয়রানি ও চিংড়িঘের অবৈধভাবে দখল করাসহ এলাকাছাড়া করতে ফেরদৌস বাহিনীর লোকজন আমাকে হত্যা মামলায় জড়ানোর জন্য চেষ্টা করছে।’ ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ওসি তৌহিদ কবির প্রথম আলোকে বলেন, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল দুপুরে কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল ঘটনাস্থল পরিদর্শন করেন।