কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে গতকাল সোমবার র্যাবের অভিযানে একজন নিহত হয়েছে।এ সময় তিনজনকে গ্রেপ্তার করে র্যাব। উদ্ধার করে নয়টি আগ্নেয়াস্ত্র, ২৭টি কার্তুজ, ৩৮টি গুলির খোসা ও পাঁচটি রামদা। নিহত ব্যক্তির নাম শাহেদ মিয়া (৩০)। র্যাবের দাবি, শাহেদ সন্ত্রাসী কাসেম বাহিনীর সদস্য।মহেশখালী থানার পুলিশের ভাষ্যমতে, কালারমারছড়ায় আধিপত্য বিস্তার, চিংড়িঘের দখল, পাল্টাপাল্টি মামলা নিয়ে অনেক দিন ধরে মোহাম্মদ কাসেম ও মোহাম্মদ খলিল বাহিনীর মধ্যে বিরোধ চলে আসছিল। এই দুই বাহিনীর মধ্যে বেশ কয়েকবার বন্দুকযুদ্ধের ঘটনায় দুজন নিহতসহ শতাধিক ব্যক্তি আহত হয়। সর্বশেষ গত রোববার বিকেলে দুই বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়।র্যাব সূত্র জানায়, সন্ত্রাসীদের গ্রেপ্তারে কক্সবাজারের চকরিয়ায় র্যাবের অস্থায়ী ক্যাম্প থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) জাহিদুল ইসলামের নেতৃত্বে ১৪ সদস্যের একটি দল গতকাল সকালে কালারমারছড়ার নুনাছড়ি বাজার এলাকায় অবস্থান নেয়। সকাল আটটার দিকে র্যাবের সদস্যরা সন্ত্রাসীদের গ্রেপ্তারে দুই ভাগে নুনাছড়ি বাজারের পশ্চিমে অভিযান শুরু করেন। এ সময় তাঁরা দুই পাশ দিয়ে সন্ত্রাসীদের ঘিরে ফেলেন। সন্ত্রাসীরা র্যাবের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় এক ঘণ্টাব্যাপী ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই শাহেদ মিয়ার মৃত্যু হয়।পরে র্যাবের সদস্যরা ধাওয়া দিয়ে বাদশাহ মিয়া, শাহাব উদ্দিন ও রেজাউল করিম নামের তিনজনকে গ্রেপ্তার করেন। তাদের বিরুদ্ধে মহেশখালী থানায় দুটি মামলা করেছে র্যাব।র্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) মোহাম্মদ ফরিদ মিয়া প্রথম আলোকে বলেন, সন্ত্রাসীরা র্যাবের সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধের একপর্যায়ে শাহেদ মিয়া নামের এক সন্ত্রাসী নিহত হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, শাহেদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।