মহেশখালীতে র্যাবের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধ, গ্রেপ্তার ৬
কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল বুধবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে র্যাবের দুই সদস্যসহ সাতজন আহত হয়েছে। এ সময় অস্ত্র ও গুলিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। র্যাবের ভাষ্যমতে, চট্টগ্রাম র্যাব-৭-এর উপ-অধিনায়ক আবদুস সামাদের নেতৃত্বে বুধবার ভোরের দিকে উপজেলার কেরুনতলী কৃষিবিদ ফার্ম এলাকায় সন্ত্রাসী নুর মোহাম্মদের আস্তানায় অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের একপর্যায়ে মহেশখালী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে র্যাবের সঙ্গে যোগ দেয়। পরে নুর মোহাম্মদ (৩২) ও তাঁর সহযোগী শফি উল্লাহ (২৮), মোহাম্মদ আলমগীর (৩১), ছাবের আহমদ (৩৪), আবদুল খালেক (২৭) ও মিন্টুকে (৩১) গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসীদের আস্তানা থেকে আটটি বন্দুক, আটটি গুলি, গুলি রাখার বেল্ট ও চাপাতি উদ্ধার করা হয়েছে। আলমগীর ও শফিকে মহেশখালী থানায় হস্তান্তর করে অন্যদের চট্টগ্রাম র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বন্দুকযুদ্ধে র্যাবের দুজন সদস্যসহ সাতজন আহত হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনায় গতকাল রাত নয়টা পর্যন্ত কোনো মামলা হয়নি।র্যাব-৭-এর উপ-অধিনায়ক আবদুস সামাদ প্রথম আলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে র্যাবের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধ হয়। এ সময় অস্ত্র ও গুলিসহ ছয় ডাকাতকে আটক করা হয়েছে।