মহেশখালীতে লবণ মাপাকে কেন্দ্র করে হামলায় আহত ৮
কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত লবণ মাপাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় আটজন লবণচাষি আহত হয়েছেন। পরে আহত চাষিদের মধ্য থেকে পাঁচজনকে গতকাল বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও আহত লবণচাষিরা জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ঘটিভাঙ্গা মৌজার মতুরারদিয়ার সোনা মিয়ার ব্যক্তিমালিকানাধীন জমি থেকে লবণ বিক্রির সময় ক্রেতারা ওজনের চেয়ে অতিরিক্ত লবণ মাপতে শুরু করেন। এতে সোনা মিয়ার নিয়োজিত লবণচাষিরা বাঁধা দিলে তাঁদের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এ হামলায় ঘটনাস্থলে আটজন লবণচাষি আহত হন।আহত লবণচাষিদের মধ্যে মইনুদ্দিন (২৪), কবির আহমদ (২৮), জিয়াউল হোসেন (৩০), এহেছান আলী (৪৫) ও মোহাম্মদ রুবেলকে (২২) গতকাল বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি বলে মহেশখালী থানার পুলিশ জানিয়েছে।