মহেশখালীতে শান্তিপূর্ণ ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। উপজেলার ছয়টি ইউনিয়নে ওই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই এলাকার নির্বাচন নিয়ে সাধারণ ভোটার, প্রার্থী ও প্রশাসনের মধ্যে নাশকতার আশঙ্কা বিরাজ করছিল। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি প্রতি ইউনিয়নে দুজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ায় ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন।হংসমিয়াজির পাড়ার ভোটার নুরুল আমিন বলেন, ‘এই নির্বাচন চার বছর আগে হওয়ার কথা ছিল। নয় বছর পর নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আমি খুব খুশি।’মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তৌহিদ কবির প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনের আগের দিন পর্যন্ত এই এলাকার সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে শঙ্কিত ছিলাম। কিন্তু প্রশাসন ভোটকেন্দ্র ও কেন্দ্রসংলগ্ন এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।’মাতারবাড়ি মজিদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসাকেন্দ্রে দায়িত্ব পালন করা চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকির হোসেন বলেন, ‘এ রকম নির্বাচন এলাকায় আগে হয়েছে কি না, আমার জানা নেই। প্রশাসনের নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা থাকায় ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন।’এদিকে গতকাল রাত নয়টার দিকে এ প্রতিবেদন লেখার সময় উপজেলার দলঘাটা ইউনিয়নের সুতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ব্যালট পেপার লুট হওয়ার ঘটনা ঘটেছে। ভোট গণনা শেষে ব্যালট বাক্স নিয়ে ফেরার সময় নির্বাচন কর্মকর্তাদের গাড়িতে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল ইসলামের লোকজন হামলা চালিয়ে ওই ব্যালট পেপার লুট করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে পুলিশের এক কনস্টেবল নিখোঁজ রয়েছেন। তাঁকে ও ব্যালট পেপার উদ্ধারে র্যাব, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।