মহেশখালীতে শিক্ষক নিয়োগে অনিয়ম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় বেসরকারি রেজি. প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, সোনাদিয়া, চরপাড়া, দক্ষিণ মগডেইল, দক্ষিণ সাইরার ডেইল, মাতারবাড়ি নয়াপাড়া ও উত্তর সিকদারপাড়া রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আটজন সহকারী শিক্ষক নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। ২০১১ সালের ৯ ডিসেম্বর লিখিত পরীক্ষা ও ২০১২ সালে ফেব্রুয়ারিতে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সঞ্চৃতি চক্রবর্তী, শিলু রানী সুশীল, আরফিন আক্তার, আফরোজা সুলতানা, মুবিন আলম, মোতাহেরা বেগম, রোকেয়া জন্নাত ও শাবানা মোস্তাফা মেধাতালিকায় উত্তীর্ণ হন। কিন্তু তৎকালীন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর ইউনিয়নভিত্তিক কোটা অনুসরণ না করে ২০১২ সালের জুলাইয়ে নিয়মবহির্ভূতভাবে ছয়জন শিক্ষক নিয়োগ দেন। পরে মেধাতালিকা উত্তীর্ণ চারজন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন।
সঞ্চৃতি চক্রবর্তী, শিলু রানী সুশীল ও আরফিন আক্তার বলেন, ইউনিয়ন কোটা অনুসরণ না করে সুব্রত কুমার ধর ছয়জন শিক্ষক নিয়োগ দিয়েছেন।
মহেশখালীর তৎকালীন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বর্তমানে টেকনাফে কর্মরত সুব্রত কুমার ধর বলেন, সরকারি নিয়ম অনুযায়ী ওই ছয়জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এতে কোনো অনিয়ম হয়নি।
মহেশখালীর ইউএনও মোহামঞ্চদ আনোয়ারুল নাসের বলেন, ইউনিয়ন কোটা অনুসরণ না করে ওই ছয়জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ওই নিয়োগের ব্যাপারে উপজেলা শিক্ষা কমিটির অনুমতি নেওয়া হয়নি। তাই ওই ছয়জন সহকারী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে।