মহেশখালীতে শীর্ষ ডাকাত মুজিবুর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে পলাতক আসামি মুজিবুর রহমান ওরফে মুজিব্যাকে (৩০) গত শুক্রবার রাতে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, মুজিবুর মহেশখালী, চকরিয়া ও পেকুয়ার উপকূলীয় এলাকার শীর্ষস্থানীয় ডাকাত। তাঁর বিরুদ্ধে তিন থানায় ১৩টি মামলা রয়েছে।মহেশখালী থানা পুলিশের ভাষ্যমতে, শুক্রবার রাত আটটার দিকে পুলিশ চকরিয়ার সদর এলাকা থেকে মুজিবুরকে গ্রেপ্তার করে। পরে তাঁর কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ঝাপুয়ার পূর্ব পাহাড়ি এলাকায় মুজিবুরের আস্তানায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর সহযোগীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে পুলিশ একটি দেশীয় বন্দুক ও কার্তুজ উদ্ধার করে। কালারমারছড়া উত্তর নলবিলা এলাকার কয়েকজন বাসিন্দা জানান, গত ১৬ ফেব্রুয়ারি রাতে এলাকাবাসীর পিটুনিতে বজল বাহিনীর প্রধান বজল্যা নিহত হয়। এরপর তার অন্যতম সহযোগী মুজিবুর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি স্থানীয় লোকজনকে হত্যার হুমকি দিয়ে চাঁদা আদায় করছিলেন।