মহেশখালীতে শুঁটকি তৈরির ধুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীত মৌসুমকে ঘিরে কক্সবাজারের মহেশখালী উপজেলার উপকূল সোনাদিয়া দ্বীপসহ ১৫টি জায়গায় শুঁটকি তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে স্থানীয় ব্যবসায়ীরা চর এলাকায় বাঁশ পুঁতে বিভিন্ন প্রজাতির মাছ শুকাচ্ছেন। এসব শুঁটকি মহেশখালী, কক্সবাজারসহ সারা দেশে নিয়ে বিক্রি করছেন। তবে মহেশখালীতে এলে ফিরে যাওয়ার সময় সোনাদিয়ার বিখ্যাত শুঁটকি মাছ না নিয়ে পর্যটকদের অনেকেই ফেরেন না।খোঁজ নিয়ে জানা গেছে, শীত মৌসুমকে ঘিরে ব্যবসায়ীরা বিভিন্ন প্রজাতির শুঁটকি মাছ শুকাতে ব্যস্ত হয়ে পড়েছেন। সোনাদিয়া দ্বীপের মগচর ও পশ্চিমপাড়ার চর এলাকায় শুঁটকিমহাল তৈরি করে মাছ শুকানো হচ্ছে। রূপচান্দা, লইট্যা, লাক্ষ্যা, ছুরি, চিংড়ি, পাইশ্যা, উলাসহ বিভিন্ন প্রজাতির মাছ শুকানো হচ্ছে। শুকানোর পর রূপচান্দা এক থেকে দেড় হাজার টাকা, লইট্যা ২৫০ টাকা, ছুরি ৪৫০ থেকে ৫০০ টাকা ও উলা মাছের শুঁটকি ১০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এ ছাড়া উপজেলার গোরকঘাটা জেটিসংলগ্ন এলাকা, ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা, ধলঘাটার সাপমারার ডেইল, সুতরিয়া ও মাতারবাড়ী ইউনিয়নের চর এলাকায় ১৫টি জায়গায় শুঁটকি তৈরি ও প্রক্রিয়াজাতকরণ হচ্ছে। সোনাদিয়া পশ্চিমপাড়ার বাসিন্দা পরিবেশকর্মী মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, স্থানীয় ব্যবসায়ীরা নভেম্বর থেকে শুরু করে এপ্রিল মাস পর্যন্ত বিভিন্ন প্রজাতির মাছ শুকিয়ে শুঁটকির প্রক্রিয়াজাত করে এখান থেকে নিয়ে গিয়ে বাইরে বিক্রি করেন। প্রতি শীত মৌসুমে এই দ্বীপে প্রায় এক কোটি টাকার শুঁটকি মাছ কেনাবেচা হয়।সোনাদিয়ার পশ্চিমপাড়ার শুঁটকি ব্যবসায়ী ফজল করিম, ফরিদুল আলম ও নূরুল আমিন জানান, গত বছরের তুলনায় এ বছর মাছের দাম বেড়ে যাওয়ায় কাঁচা মাছ কিনে শুকাতে গিয়ে তাঁদের হিমশিম খেতে হচ্ছে। মাছি বা পোকামাকড়ের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য মাছে কোনো প্রকার কীটনাশক মেশানো হচ্ছে কি না জানতে চাইলে তাঁরা জানান, শুঁটকি মাছ তৈরি করার সময় তাঁরা কোনো বিষাক্ত দ্রব্য ব্যবহার করছেন না। কিন্তু মাছ পচে যাওয়ার ভয়ে কিছু কিছু মাছে লবণ মেশানো হচ্ছে।গোরকঘাটা বাজারের শুঁটকি মাছের স্টল নিয়ে বসেন শুঁটকি ব্যবসায়ী আলমগীর হোসেন। তিনি বলেন, কোরবানি ঈদের পরে পাঁচ-ছয় দিন জমজমাটভাবে বেচাকেনা হলেও বর্তমানে বেচাকেনা অনেক কমে গেছে। কারণ, পর্যটকের ওপর শুঁটকির বাজার নির্ভর করে। পর্যটকেরা এলে বেচাকেনা বেড়ে যায়।