মহেশখালীতে সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, আহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত শনিবার বিকেলে দুর্বৃত্তরা এক সংখ্যালঘু পরিবারের ওপর হামলা ও লুটপাট চালিয়েছে। এতে বাধা দেওয়ায় হামলায় ওই পরিবারের নারীসহ নয়জন আহত হয়েছেন।

আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, এই ঘটনায় মামলা না করার জন্য দুর্বৃত্তরা উল্টো হত্যার হুমকি দিচ্ছে।

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে দুর্বৃত্তরা উপজেলার পৌর এলাকার বলরামপাড়ায় গোপাল চন্দ্র দের বসতবাড়িতে হামলা চালায়। দুর্বৃত্তরা বসতবাড়ির মূল্যবান জিনিসপত্র নষ্ট করে ফেলে এবং স্বর্ণালংকারসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

আহত জুনু রাম দে বলেন, এই ঘটনায় মামলা না করার জন্য দুর্বৃত্তরা হুমকি দিচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সাবেক পৌর কাউন্সিলর পূর্ণচন্দ্র দে বলেন, ‘দুর্বৃত্তরা ওই সংখ্যালঘু পরিবারে হামলা চালানোর পর অন্যান্য সংখ্যালঘু পরিবার আতঙ্কিত হয়ে পড়েছে। আমরা এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’