মহেশখালীতে সংরক্ষিত বনের গাছ পাচার হচ্ছে প্রকাশ্যে
কক্সবাজারের মহেশখালী উপজেলার সংরক্ষিত বনের গাছ কেটে পাচার করছে বনদস্যুরা। গাছ উজাড় করে পাচার করলেও বনকর্মীরা রহস্যজনক ভূমিকা পালন করছেন বলে অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার বড় মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া, শাপলাপুর ও ছোট মহেশখালী ইউনিয়নের পাঁচটি বিটের আওতায় পাহাড়ের সরকারি বন থেকে গাছ কেটে বাইরে পাচার করছে স্থানীয় বনদস্যুরা। সেগুন, গর্জন, কড়ই, আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির গাছ উপকূলীয় দ্বীপ মহেশখালী চ্যানেল দিয়ে বাইরে পাচার করা হচ্ছে। গত ডিসেম্বর মাসে বনদস্যু ও বনকর্মীদের মধ্যে তিনবার সংঘর্ষের ঘটনা ঘটে এবং চারজন বনদস্যু আটক করা হয়। এ সময় প্রায় দুই হাজার ঘনফুট গাছ উদ্ধার করা হয়। তবে বনদস্যুদের দমন করা যাচ্ছে না বলে খোদ বন বিভাগ স্বীকার করেছে। শাপলাপুর ইউনিয়নের জেমঘাট এলাকার বাসিন্দা আবদুল গফুর বলেন, বনদস্যুরা দিনদুপুরে গাছ কেটে বাইরে পাচার করলেও বনকর্মীরা তাতে বাধা দিচ্ছেন না। এতে পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে। হোয়ানক ইউনিয়নের কেরুনতলীর বাসিন্দা মোহাম্মদ হোছন আলী জানান, কেরুনতলী পাহাড়ের সংরক্ষিত বন থেকে গাছ কেটে পাচার করা হচ্ছে। বনকর্মীদের বেশ কয়েকবার বিষয়টি অবহিত করা হলেও তাঁরা পদক্ষেপ নেননি। বন বিভাগের স্থানীয় কেরুনতলীর বিট কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, বন পাহারা দিতে গিয়ে গত এক মাসে বনদস্যু ও বনকর্মীদের কয়েকবার সংঘর্ষ হয়। কিন্তু লোকবল সংকটের কারণে বন রক্ষা করতে গিয়ে তাঁদের হিমশিম খেতে হচ্ছে। মহেশখালী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ বজলুর রহমান প্রথম আলোকে বলেন, বনদস্যুরা বনের গাছ কেটে বাইরে পাচার করার সময় গত মাসে প্রায় এক হাজার ফুট কাঠ আটক করা হয়েছে। তিনি বলেন, লোকবল নিয়োগ দেওয়ার জন্য বেশ কয়েকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোনো কাজ হয়নি।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা উন্নয়নের স্বার্থে এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের পাশাপাশি বনদস্যুদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মহেশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, বনদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বন বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।