মহেশখালীতে সন্ত্রাসী হামলায় একজন নিহত, গুলিবিদ্ধ ৪ নারী
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় একপক্ষের গুলিতে কালা খাতুন নামের এক নারী নিহত ও চার নারী গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া পাঁচটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় জড়িত সন্দেহে আক্তার হোসেন (২৬) ও মোহাম্মদ ওছমান (২৫) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গুলিবিদ্ধ নারীরা হলেন: পদ্মা খাতুন (৬৫), হামিদা বেগম (১৮), তৈয়বা বেগম (২৪) ও সাফু আক্তার (৩৬)। তাঁদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার হোয়ানক ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য কাঁঠালতলী পাড়ার জোনাব আলী ও একই এলাকার জালাল আহমদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ১০ ডিসেম্বর জোনাবের ছেলে আবুল শমাকে কাঁঠালতলী নামক স্থানে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। অভিযোগ রয়েছে, জালালের অনুসারীরা এই হামলা চালায়। এর জের ধরে গতকাল জোনাবের পক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে জালাল ও তাঁর আত্মীয়স্বজনের বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে জালালের পক্ষের লোকজনও প্রতিরোধের চেষ্টা চালায়। এ সময় জোনাবের পক্ষের লোকজনের ছোড়া গুলিতে হতাহতের এ ঘটনা ঘটে। এ ছাড়াও আটজনকে কুপিয়ে জখম করা হয়েছে। তাঁদের চকরিয়া ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত ব্যক্তিদের সবাই জালালের আত্মীয় ও অনুসারী বলে জানা গেছে। জোনাব গোষ্ঠীর লোকজনের দেওয়া আগুনে জালালের পক্ষের লোকজনের পাঁচটি বাড়ি পুড়ে গেছে।পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে একটি কার্তুজ ও পাঁচটি খোসা উদ্ধার করে। এ ছাড়া কালা খাতুনের (৪০) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।এ ঘটনার সত্যতা স্বীকার করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, জোনাব ও জালাল গোষ্ঠীর মধ্যে এর আগেও বেশ কয়েকবার সংঘর্ষ ও পাল্টাপাল্টি মামলা হয়েছে।এলাকায় আধিপত্য বিস্তারসহ পাহাড়ি পানের বরজ নিয়ে এই দুটি সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।