মহেশখালীতে সন্ত্রাসী হামলায় প্রধান শিক্ষক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে গত বুধবার রাতে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন নির্মল কান্তি শীল (৪৫) নামের একজন। এ সময় তাঁর স্ত্রী ও মেয়েও সন্ত্রাসী হামলার শিকার হন। স্ত্রী ও মেয়েকে ওই রাতেই প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গতকাল বৃহস্পতিবার কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নির্মল কান্তি একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের নতুনবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কান্তি ঘটনার রাতে বিদ্যালয় থেকে ফিরছিলেন। তিনি শীলপাড়া এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রধান শিক্ষককে গুরুতর আহত করে। এ সময় তাঁর চিৎকারে স্ত্রী স্বপ্না রানী সুশীল (৩৫) ও মেয়ে চন্দ্রিকা সাথি শর্মা (১৫) বাড়ি থেকে বেরিয়ে এলে তাঁরাও সন্ত্রাসীদের হামলার শিকার হন। পরে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত প্রধান শিক্ষক অভিযোগ করেন, স্থানীয় দিদার মিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা এ হামলা চালায়। তবে প্রধান শিক্ষক হামলার কারণ বলতে পারেননি। উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাস্টার আবদুল গফুর বলেন, এ হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া না হলে শিক্ষক সমিতি বিভিন্ন কর্মসূচি দিতে বাধ্য হবে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, শিক্ষকের দায়ের করা অভিযোগ তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।