মহেশখালীতে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল সোমবার দুপুরে সন্ত্রাসীদের গুলিতে আবদুর রশিদ (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আধারঘোনা এলাকায়। এ ঘটনার পর আবদুর রশিদের পক্ষের লোকজন প্রতিপক্ষ মতিউর রহমান মতির পক্ষের লোকজনের বাড়িঘরে হামলা ও ভাঙচুর করে। হামলায় তিনজন আহত হন। এঁদের মধ্যে আবুল হাসেম (৬৫) ও রেহালা বেগমকে (৪৫) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাদল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে আধারঘোনার পশ্চিম এলাকায় মতির সমর্থক বাসিন্নার বাড়িতে আবদুর রশিদ দাওয়াত খেতে যান। দাওয়াত খেয়ে বাড়ি থেকে বের হয়ে আসার সময় মতির পক্ষের লোকজন ধাওয়া করে। রশিদ পালানোর চেষ্টা করলে প্রতিপক্ষের সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এ খবর ছড়িয়ে পড়লে তাঁর পক্ষের লোকজন মতির পক্ষের লোকজনের বাড়িতে হামলা ও ভাঙচুর করে। সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মহেশখালী থানায় নিয়ে আসে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবদুর রশিদের পক্ষের সঙ্গে মতির পক্ষের দ্বন্দ্ব চলে আসছিল। অবশ্য দুই মাস আগে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাদলকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। ওসি আরও জানান, মতি ও আবদুর রশিদের বিরুদ্ধে মহেশখালী থানায় হত্যাসহ ১৪টি মামলা রয়েছে।আবদুর রশিদের পরিবারের লোকজনের অভিযোগ, দাওয়াত দিয়ে পরিকল্পিতভাবে আবদুর রশিদকে গুলি করে হত্যা করেছে মতির পক্ষের লোকজন। বাড়ি ভাঙচুরের শিকার স্থানীয় বাসিন্দা ও সাবেক ইউপি মেম্বার আবুল ফজল দাবি করেন, ‘রশিদের লোকজন আমার বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে এবং দায়ের কোপে আমার ভাই আবুল হাসেম ও স্ত্রী রেহালা বেগমকে গুরুতর আহত করেছে।’