মহেশখালীতে সমুদ্র সৈকতে যেতে পর্যটকদের ভোগান্তি
কক্সবাজারের মহেশখালীতে পর্যটকদের দর্শনীয় একটি স্থান চরপাড়া সমুদ্রসৈকত। উপজেলা সদর থেকে এর দূরত্ব তিন কিলোমিটার। সৈকত দেখতে আসা পর্যটকদের এ রাস্তাটুকু হেঁটে যেতে হয়। কারণ সড়কের আধা কিলোমিটার অংশের অবস্থা এতই নাজুক যে ওই অংশে রিকশা পর্যন্ত চলে না। তিন বছর ধরে ওই সড়কে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। এতে সমুদ্রসৈকত দেখতে আসা পর্যটক ও স্থানীয় লোকজনের ভোগান্তির অন্ত নেই।মহেশখালী এলে পর্যটকেরা একনজর সৈকতটি দেখতে আসেন। সৈকতের ঝাউবাগান ও বালুর মহাল পর্যটকদের নজর কাড়ে। উপজেলা সদর থেকে সৈকত পর্যন্ত তিন কিলোমিটার সড়কের মধ্যে মাত্র আধা কিলোমিটার ভেঙে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কে সরাসরি যান চলাচল বন্ধ থাকায় এলাকাবাসী ও পর্যটকেরা সরাসরি গাড়ি নিয়ে সৈকতে যেতে পারছেন না।স্থানীয় বাসিন্দা কামাল হোসেন, আনোয়ার হোসেন ও সেলিম উদ্দিন জানান, একসময় এ স্থানে পর্যটকদের ঢল নামত। কিন্তু হাঁটতে হয় বলে পর্যটকেরা আগের মতো আর সৈকত দেখতে আসেন না।ঢাকার মিরপুরের বাসিন্দা আনোয়ার হোসেন ও মোস্তফা কামাল বলেন, সৈকতটি দেখতে খুব ভালো লেগেছে। কিন্তু সড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকায় হাঁটতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে।মহেশখালী পৌরসভার মেয়র সরওয়ার আজম জানান, সড়কটি বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে। কিন্তু বর্ষার ঢলে তা বারবার ভেঙে যায়। সড়ক সংস্কারের জন্য ইতিমধ্যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অচিরেই কাজ শুরু হবে। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন জানান, জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কারের জন্য পৌর কর্তৃপক্ষকে বলা হয়েছে।