মহেশখালীতে সরকারি জমিতে দুই শতাধিক অবৈধ দোকান!
কক্সবাজারের মহেশখালী উপজেলার হাটবাজারের সরকারি জমি অবৈধভাবে দখল করে স্থানীয় লোকজন দুই শতাধিক দোকানঘর নির্মাণ করেছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়নে ২২টি হাটবাজার রয়েছে। তার মধ্যে মাতারবাড়িতে তিনটি, ধলঘাটায় একটি, কালারমারছড়ায় ছয়টি, হোয়ানকে পাঁচটি, বড় মহেশখালীতে একটি, শাপলাপুরে তিনটি, ছোট মহেশখালীতে একটি ও কুতুবজোমে দুটি হাটবাজার রয়েছে। এসব হাটবাজারের আওতায় সরকারি জমি দখল করে স্থানীয় লোকজন ছোট-বড় মিলে দুই শতাধিক দোকানঘর নির্মাণ করে ব্যবসাপ্রতিষ্ঠান চালাচ্ছে।গত শনিবার সরেজমিনে দেখা গেছে, মাতারবাড়ি ইউনিয়নের মগডেইল বাজারে সরকারি জমিতে স্থানীয় লোকজন অন্তত ১৫টি দোকানঘর নির্মাণ করেছে। এমনকি সরকারি রাস্তা দখল করে এসব অবৈধ স্থাপনা তৈরি করায় স্থানীয় লোকজনের পাশাপাশি বাজারে আসা ক্রেতা-বিক্রেতাদেরও চলাচল করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।মাতারবাড়ির ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, দেড় বছর আগে জনগণের যাতায়াতের সুবিধার্থে পুরোনো বাজারে সরকারি খাসজমির ওপর নির্মিত ছোট-বড় মিলে অন্তত ২০টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। বাকি অবৈধ দোকানঘরগুলো উপজেলা প্রশাসনের সহযোগিতায় পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলে তিনি জানান।শাপলাপুর ইউপির চেয়ারম্যান আবদুল খালেক চৌধুরী বলেন, ইতিমধ্যে শাপলাপুরে হাটবাজারের জায়গা অবৈধভাবে দখল করে স্থানীয় প্রভাবশালী লোকজন অন্তত ২০টি অবৈধ দোকানঘর নির্মাণ করেছে। এ কারণে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। কালারমারছড়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জয়নাল আবেদিন বলেন, গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কালারমারছড়া বাজার থেকে অন্তত ৪০টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করা হলেও এখনো সরকারি হাটবাজারের জমিতে ১০টি অবৈধ দোকানঘর রয়েছে।