মহেশখালীতে স্বামীর নির্যাতনে আহত স্ত্রীর মৃত্যু!
কক্সবাজারের মহেশখালী উপজেলায় স্বামীর নির্যাতনে আহত হওয়ার দুই দিন পর গত শনিবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী আমেনা আকতারের (৩০) মৃত্যু হয়েছে।দ্বিতীয় বিয়েতে বাধা দেওয়ায় স্বামী নুরুল ইসলামের নির্যাতনে স্ত্রী আমেনার মৃত্যু হয়েছে বলে স্থানীয় হোয়ানক ইউপি সদস্য আসহাব উদ্দিন জানিয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে উপজেলার হোয়ানক ইউনিয়নের রাজুয়ারঘোনা এলাকার রওশন আলীর মেয়ে আমেনা আকতারে সঙ্গে পার্শ্ববর্তী কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকার আব্দুস শুক্কুরের ছেলে নুরুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার স্থানীয় সালিস বৈঠক করেও কোনো কাজ হয়নি। এর পরও স্বামী নুরুল ইসলাম দ্বিতীয় বিয়ে করতে চাইলে স্ত্রী আমেনা বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে গত বৃহস্পতিবার রাতে স্বামী নুরুল ইসলাম মারধর করলে স্ত্রী আমেনা আকতার আহত হন। পরের দিন শুক্রবার সকালে তাঁর আত্মীয়স্বজন আহত আমেনাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল চারটায় আমেনা মারা যান। তবে এ নিয়ে গতকাল রোববার বেলা তিনটা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে পুলিশ জানিয়েছে। নিহত আমেনার ভাই আবদুর রশিদ জানান, দ্বিতীয় বিয়েতে বাধা দেওয়ায় স্বামীর নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে।