মহেশখালীতে সড়কে ডাকাতি
কক্সবাজারের মহেশখালী উপজেলায় শনিবার গভীর রাতে সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতেরা অন্তত ২৫টি গাড়িতে ডাকাতি করেছে। এ সময় ডাকাতেরা গাড়ির চালক, হেলপার ও ব্যবসায়ীদের কাছ থেকে মুঠোফোন সেট ও নগদ টাকাসহ ছয় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যবসায়ী জানান, শনিবার রাত ১২টার দিকে কাঁচা তরকারি ভর্তি পাঁচটি চাঁদের গাড়ি চকরিয়া থেকে মহেশখালী উপজেলা সদরে গোরকঘাটা আসার পথে কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলি এলাকায় পৌঁছালে গাছ ফেলে সড়কে ব্যারিকেড দিয়ে গাড়িগুলো ডাকাতেরা আটক করে। পরে চালক, হেলপার ও ব্যবসায়ীদের মারধর করে মুঠোফোন সেট, নগদ টাকা ও ছয় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। একই সময়ে ডাকাতেরা দুই পাশে আটকে পড়া ইটভর্তি ১০টি পিকআপ, পাঁচটি মুরগির গাড়ি, একটি সিএনজি এবং চট্টগ্রাম থেকে আসা মুদির দোকানের বিভিন্ন মালামাল ভর্তি আরও চারটি পিকআপে ডাকাতি শুরু করে। এ সময় ভয়ে পালাতে চাইলে ডাকাতেরা দুটি মোটরসাইকেল আরোহীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে এতে কেউ আহত হননি বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোরকঘাটা বাজারের ব্যবসায়ী শাহ আলম জানান, প্রায় ৩০ জন ডাকাত সড়কে ব্যারিকেড দিয়ে দুই ঘণ্টা ধরে অন্তত ২৫টি বিভিন্ন মালামাল ভর্তি গাড়ি ডাকাতি করে ছয় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে মহেশখালী থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, এ নিয়ে কেউ থানায় লিখিত বা মৌখিকভাবে জানায়নি। এর পরও ওই এলাকায় খোঁজখবর নিয়ে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।