মহেশখালীতে সড়কে ডাকাতি
কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত শুক্রবার রাত আটটার দিকে ডাকাতেরা সড়কে ব্যারিকেড দিয়ে একটি ট্যাক্সিতে ডাকাতি করে নগদ টাকা, মোবাইল ফোনসেটসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় ডাকাতের গুলিতে একজন গুলিবিদ্ধসহ ছয়জন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত ব্যক্তিরা জানান, শুক্রবার রাত আটটার দিকে সোনাদিয়ার পশ্চিমপাড়ায় সৌরবিদ্যুৎ স্থাপনের কাজ শেষ করে কবির আহমদসহ অপর পাঁচ সহপাঠী একটি ট্যাক্সিযোগে বাড়ি ফেরার পথে ঘটিভাঙ্গার ডেমমোহনি ভাঙার কাছাকাছি স্থানে পৌঁছালে ডাকাতেরা সড়কে ব্যারিকেড দিয়ে ওই ট্যাক্সি আটক করে। পরে যাত্রীরা ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করলে তারা পাল্টা হামলা চালায় এবং ফাঁকা গুলিবর্ষণ করে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, পাঁচটি মোবাইল ফোনসেটসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় একজন গুলিবিদ্ধসহ ছয়জন গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ কবির আহমদ (৪০), সাইফুল ইসলাম (২০), মোহামঞ্চদ আরমান (৩০), ইমরুল হাসান (২৮) ও কামরুল হাসানকে (২০) শুক্রবার রাতে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে গতকাল শনিবার বিকেল সাড়ে তিনটা পর্যন্ত এ নিয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।