মহেশখালীতে সড়কে ফের গাড়ি ডাকাতি
কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটা-জনতাবাজার সড়কের পাহাড়ি ঢালে গত রোববার রাতে একদল ডাকাত ফের দুটি গাড়ি ও একটি মোটরসাইকেল থামিয়ে ডাকাতি করেছে। এ সময় ডাকাতেরা মারধর করে তিনটি মুঠোফোন ও টাকাসহ অন্তত ২০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এর আগে গত ৪ জুলাই ও ১২ জুলাই রাতে দুই দফা ডাকাতেরা একই সড়কে ২৭টি গাড়িতে ডাকাতি করে। ফলে সড়কে ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় বিভিন্ন পরিবহনের চালক ও যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শী ও পরিবহন শ্রমিকেরা জানান, রোববার রাত নয়টার দিকে উপজেলার শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা গলাচিরা পাহাড়ি ঢালে একটি মোটরসাইকেল থামিয়ে ডাকাতেরা একটি মুঠোফোন ও দুই হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে একই স্থানে চকরিয়ার মালামালভর্তি একটি পিকআপ ভ্যান থামিয়ে ডাকাতেরা এক বস্তা মুরগির খাবার ও চালকের কাছ থেকে একটি মুঠোফোন নিয়ে যায়। এ সময় ডাকাতেরা চালক সেলিম উদ্দিনকে (৩৫) মারধর করে।