মহেশখালীতে হাতির আক্রমণে আহত ১৫ ঘর তছনছ
কক্সবাজারের মহেশখালীতে গত তিন দিনে একটি বন্যহাতির আক্রমণে ১৫ জন আহত হয়েছেন। একই সঙ্গে এ কয়েকদিনে হাতিটি ১৬টি বসতবাড়ি ও পানের বরজ তছনছ করেছে। পাহাড়ি এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে। উপকূলীয় বন বিভাগ মহেশখালী রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, কক্সবাজার সদরের নাপিতখালী এলাকা থেকে গত বৃহস্পতিবার ভোররাতে একটি বন্যহাতি সাগর পাড়ি দিয়ে মহেশখালী উপজেলার মুদিরছড়া পাহাড়ি এলাকায় এসে আশ্রয় নেয়। হঠাৎ হাতি দেখে পাহাড়ি এলাকায় বসবাসরত জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত হাতিটি উপজেলার মুদিরছড়া বিট এলাকার ওমবনিয়া, মুদিরছড়া, উত্তরকুল, জালিয়াপাড়া, গোরকঘাটা সিকদারপাড়া ও চরপাড়া গ্রামের ১৬টি বসতবাড়ি ও পানের বরজ তছনছ করেছে। মহেশখালী রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বন্যহাতিটি নিয়ে যাওয়ার জন্য ডুলাহাজারা সাফারি পার্কে খবর দেওয়া হয়েছে।