মহেশখালীতে ১০ দিন ধরে সড়ক যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটা-শাপলাপুর-জনতাবাজার সড়কের দুটি কালভার্ট ভেঙে পড়ায় ১০ দিন ধরে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছে লোকজন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে উপজেলার গোরকঘাটা-শাপলাপুর-জনতাবাজার সড়কের ছয়টি কালভার্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ১৪ মে সকালে ভারী বৃষ্টিপাতে ওই সড়কের দীনেশপুর এলাকার একটি কালভার্ট ভেঙে পড়ে। ওই দিন বিকেলে একই সড়কের ষাইটমারা এলাকায় একটি মালবাহী ট্রাকসহ অপর একটি কালভার্ট ধসে পড়ে। এর পর থেকে ওই সড়কে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে যায়।সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঝুঁকিপূর্ণ কালভার্টগুলো সংস্কার না হওয়ায় উপজেলার গোরকঘাটা-শাপলাপুর-জনতাবাজার সড়ক মরণফাঁদে পরিণত হয়েছে। এ ছাড়া শাপলাপুর ইউনিয়নের বারিয়াপাড়া-সংলগ্ন এলাকায় ওই সড়কের কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে।শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা এলাকার বাসিন্দা কামাল হোসেন, আনোয়ার হোসেন ও নুরুল হোছাইন বলেন, কালভার্ট ভেঙে যাওয়ায় গাড়িতে সরাসরি যাতায়াত করা যাচ্ছে না। দুটি স্থানে গাড়ি পরিবর্তন করে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে।শাপলাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল খালেক চৌধুরী জরুরি ভিত্তিতে দুটি কালভার্ট নির্মাণ ও ঝুঁকিপূর্ণ অন্য কালভার্টগুলো সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, জরুরি ভিত্তিতে কালভার্ট সংস্কারের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে।এলজিইডির উপজেলা উপসহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, গাড়ি চলাচল আবার শুরু করতে ভেঙে যাওয়া কালভার্টগুলো সংস্কারের চেষ্টা চলছে। আশা করি, দু-এক দিনের মধ্যে কাজ শুরু হবে।