মহেশখালীতে ১৫টি অবৈধ দোকানঘর উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল শনিবার সকালে সরকারি জমির ওপর নির্মিত ১৫টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। কালারমারছড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, দুই মাস আগে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলি এলাকায় সরকারি খাসজমির ওপর রাতের অন্ধকারে স্থানীয় মোহাম্মদ ফেরদৌস ও জাপান বড়ুয়া ১৫টি অবৈধ দোকানঘর নির্মাণ করেন। পরে অবৈধ দখলদারদের সরকারি জায়গা ছেড়ে দেওয়ার জন্য অনেকবার বলা হলেও কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সরকারি জায়গা উদ্ধারে গতকাল ১৫টি দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। এতে অবৈধ দখলদারদের কবল থেকে এক কোটি টাকা মূল্যের সরকারি জায়গাটি উদ্ধার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে এক কোটি টাকা মূল্যের ৭০ শতক সরকারি জমি উদ্ধার করা হয়েছে।