মহেশখালীতে ৩০ বিদ্যালয়ে নলকূপ নেই
কক্সবাজারের মহেশখালী উপজেলায় ৬৩টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩০টিতে নলকূপ না থাকায় খাওয়ার পানির সমস্যা প্রকট হয়ে উঠেছে। এ কারণে ওই সব বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, ৩০টি প্রাথমিক বিদ্যালয়ে কোনো নলকূপ না থাকায় পানির সমস্যার শেষ নেই। অনেক দূর থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করে এসব প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা পিপাসা মেটাচ্ছে। নলকূপ স্থাপন করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ অনেকবার আবেদন করলেও কোনো সুরাহা হচ্ছে না। ফলে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। উপজেলার ধলঘাট ইউনিয়নের চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে তিনটিতে কোনো নলকূপ নেই। সরেজমিনে দেখা যায়, ধলঘাট সাপমারার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো নলকূপ নেই। আর ২৫০ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক আছেন মাত্র চারজন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, প্রায় দুই কিলোমিটার দূর থেকে তাঁদের খাওয়ার পানি সংগ্রহ করতে হয়। শেষ হয়ে গেলে আবার পানি আনতে শিক্ষার্থীদের যেতে হয়। এই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আলী, আবদুল মান্নান ও রুহুল কাদের জানায়, তৃষ্ণা পেলেও অনেক সময় শ্রেণীকক্ষে তাদের পানি না খেয়ে থাকতে হয়।ধলঘাট মহুরিঘোনা ও শরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছে, নলকূপ না থাকায় তাদের পুকুরের পানি পান করতে হয়। মাতারবাড়ি পুরান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হামিদ জানান, নলকূপ না থাকার কারণে অনেক ছাত্র বিদ্যালয়ে আসতে চায় না। একটি নলকূপের জন্য কয়েকবার আবেদন করেও কাজ হয়নি বলে তিনি জানান। একই অভিযোগ করেন লাল মোহাম্মদ সিকদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আরা বেগম।এলাকার পানি সমস্যার কথা তুলে ধরে ধলঘাট ইউনিয়নের চেয়ারম্যান আহসান উল্লাহ প্রথম আলোকে বলেন, এলাকায় পানির সমস্যা দূর করতে হলে অন্তত ৫০টি নলকূপ বসানো দরকার। মহেশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর প্রথম আলোকে বলেন, নলকূপ স্থাপনের জন্য অনেক লেখালেখি করা হয়েছে। কিন্তু নলকূপ বসানোর জন্য কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ে পানির সমস্যা নিরসনে নলকূপ স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনেকবার লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু বিদ্যালয়ের জন্য আলাদাভাবে বরাদ্দ না পাওয়ায় নলকূপ বসানো সম্ভব হচ্ছে না বলে তিনি জানান।