মহেশখালীতে ৩০টি স্থাপনা পুড়ে গেছে ইউএনওসহ আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে সোমবার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি বসতবাড়ি, ১৪টি দোকানসহ ৩০টি স্থাপনা পুড়ে গেছে। এ সময় তিনটি বসতবাড়ি ও চারটি দোকানে লুটের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ইউএনও এ টি এম কাউসার হোসেনসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওই রাতে গোরকঘাটা ডাকবাংলো সড়কের চৌমুহনীর মৌড়ে স্থানীয় পৌর কমিশনার গোলাম মাওলার মালিকানাধীন মুন্নি ওয়েল সেন্টারের দোকানে সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস না থাকায় তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণ আনতে পারেনি প্রশাসন। রাত সাড়ে আট থেকে রাত ১২টা পর্যন্ত আগুনে দোকান, বসতবাড়ি, ফার্মেসি ও মুদির দোকানসহ ৩০টি স্থাপনা পুড়ে যায়। এ সময় তিনটি বসতবাড়ি ও চারটি দোকানে লুট হয়। ক্ষতিগ্রস্ত বসতবাড়ির মালিক সুকন্দ বিকাল চক্রবর্তী জানান, অগ্নিকাণ্ডের সময় বসতবাড়ির আলমিরা ভেঙে ১১ ভরি সোনা ও ৫৫ হাজার টাকা কে বা কারা লুট করে নিয়ে যায়। দোকানদার কাজল কান্তি পাল জানান, অগ্নিকাণ্ডের সময় পথচারীরা চারটি দোকানের মালামাল লুট করেছে। মহেশখালীর ইউএনও এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে এবং মালামাল সরাতে গিয়ে অনেকেই আহত হয়েছেন। জেলা প্রশাসক মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমদ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, মহেশখালীতে কোনো ফায়ার সার্ভিস না থাকায় এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না।