মহেশখালীতে ৩৫ প্রাথমিক বিদ্যালয়ে নলকূপ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় ৬৩টি প্রাথমিক বিদ্যালয়ে মধ্যে ৩৫টিতে নলকূপ নেই। এ কারণে বিশুদ্ধ পানি না পেয়ে ওই সব স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। সরেজমিনে দেখা যায়, উপজেলার ধলঘাট সাপমারার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো নলকূপ নেই। এ জন্য প্রায় দুই কিলোমিটার দূর থেকে হেঁটে গিয়ে বিশুদ্ধ খাবার পানি সংগ্রহ করতে গিয়ে শিশু শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছে। এ ছাড়া ধলঘাট মহুরি ঘোনা ও শরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো নলকূপ নেই। তারাও বিভিন্ন দূর-দূরান্ত থেকে খাবার পানি এনে তা ব্যবহার করছে। মাতারবাড়ি পুরান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হামিদ জানান, বিদ্যালয়ে নলকূপ না থাকার কারণে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট লেগেই আছে। একটি নলকূপ স্থাপনের জন্য মাসিক সমন্বয় সভায় কয়েকবার আবেদন করেও কোনো কাজ হয়নি।ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ জানান, বিদ্যালয়ে নলকূপ স্থাপন করার জন্য পরিষদের পক্ষ থেকে ওপরে অনেক লেখালেখি করেও কোনো কাজ হয়নি। এ প্রসঙ্গে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নলকূপ মেকানিক মোহাম্মদ শাফায়ত জামিল জানান, ইতিমধ্যে ৩৫ প্রাথমিক বিদ্যালয়ে নলকূপ ও গণশৌচাগার স্থাপন করতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে।