প্রবল বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার কারণে কক্সবাজারের মহেশখালীতে ৪০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিধ্বস্ত হয়েছে তিন শতাধিক বসতঘর। শতাধিক পানের বরজের ব্যাপক ক্ষতি হয়েছে। গোরকঘাটা-জনতাবাজার সড়কের কয়েকটি স্থান ভেঙে যাওয়ায় এ সড়কে যোগাযোগ বন্ধ রয়েছে।এদিকে ভারী বর্ষণে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের স্রোতে ইছামতি ও কর্ণফুলী নদীর কয়েকটি স্থানে ভাঙন শুরু হয়েছে। জানা গেছে, সোমবার সন্ধ্যা থেকে গতকাল মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত টানা ভারী বর্ষণে মহেশখালী পৌর এলাকার হিন্দুপাড়া, জলদাস পাড়া; মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইল, রাজঘাট, নয়াপাড়া; ধলঘাটার ইউনিয়নের সরইতলা, হোয়ানক ইউনিয়নের হরিয়াছড়া, বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা, সিপাহিরপাড়া ও ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ নলবিলা, তেলিপাড়াসহ ২৩টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে এসব এলাকার প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ভেঙে গেছে তিন শতাধিক বসতঘর। মাতারবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, স্লুইসগেট নষ্ট থাকায় বৃষ্টির পানি বাইরে বের হতে পারছে না। এতে এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।প্রবল বর্ষণে কালামারছড়া, হোয়ানক, শাপলাপুর ও ছোটমহেশখালী ইউনিয়নের শতাধিক পানের বরজের ব্যাপক ক্ষতি হওয়ায় পানচাষিদের কপালে হাত উঠেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিশ্বনাথ মজুমদার জানান, ভারী বৃষ্টিতে তিন শতাধিক বসতঘর একেবারে ভেঙে গেছে। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, ভারী বর্ষণের কারণে বিভিন্ন এলাকায় প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানি সরানোর ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে। তিন শতাধিক বসতঘর বিধ্বস্ত হওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতের ভারী বর্ষণে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা, হোছনাবাদ, লালানগর, বেতাগী ও স্বনির্ভর ইউনিয়নের ৩০ থেকে ৩২টি গ্রামের নিচু এলাকার বসতঘরগুলো পানিতে ডুবে আছে। পানির তোড়ে নষ্ট হয়েছে অনেক সবজি খেত।উপজেলার পোমরা ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দিন জানান, সোমবার রাতভর বর্ষণে এ ইউনিয়নের প্রায় এক-তৃতীয়াংশ এলাকা ডুবে যায়। এর মধ্যে তালুকদারপাড়া বিল, মালির হাট বিল, উত্তর পোমরার চরের অনেক সবজি খেত রয়েছে। এ ছাড়া ইউনিয়নের মেহেদি তালুক, পশ্চিম পোমরা, ছাইনিপাড়া ও সিকদারপাড়া গ্রামের শতাধিক বসতঘর ডুবে গেছে। পাহাড়ি ঢলের স্রোতে রাজানগর ইউনিয়নের রাজঘাটা, পারুয়া ইউনিয়নের বড়ুয়াপাড়া, মুরাদনগর ও ঘাটচেক পৌর এলাকায় ইছামতি নদীতে ভাঙন দেখা দিয়েছে। মরিয়মনগর ইউনিয়নের বালুগোট্টা গ্রামে কর্ণফুলী নদীর ভাঙনে পানের বরজসহ ফসলি জমি বিলীন হচ্ছে।