মহেশখালীতে ৪০ হাজার মানুষ পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্নচাপের প্রভাবে গত শুক্রবার সকালে অস্বাভাবিক জোয়ারে কক্সবাজারের মহেশখালীতে ২৫টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ কারণে প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। জোয়ারের পানির তোড়ে লন্ডভন্ড হয়ে গেছে উপজেলার শাপলাপুর, মাতারবাড়ী ও ধলঘাটা ইউনিয়নের প্রায় ৩৫ কিলোমিটার বেড়িবাঁধ। ভেসে গেছে দুই শতাধিক ঘেরের চিংড়ি। বৃহস্পতিবার রাতে মহেশখালী চ্যানেলের নতুন জেটিঘাটে মাছ ধরার দুটি ট্রলার ডুবে গেছে।গত বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে জোয়ারের পানি ঢুকে পশ্চিমপাড়া, ঘটিভাঙ্গা, ঠাকুরতলা, তেলিপাড়া, দিনেশপুর, জেমঘাট, বাজার এলাকা, রাজঘাট, হন্দারবিল, সরইতলা, সুতরিয়া, পণ্ডিতডেইল, বেগুনবনিয়া, সিকদারপাড়া, মহরিঘোনাসহ অন্তত ২৫টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়ে এসব গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ। ধলঘাটা ও মাতারবাড়ী এলাকার ২০ কিলোমিটার বাঁধ এবং শাপলাপুর ইউনিয়নের ১৫ কিলোমিটার বাঁধ ভেঙে প্রায় ২০০টি চিংড়িঘের ভেসে গেছে। এ ছাড়া পানিতে ডুবে গেছে ২০০ হেক্টরের আমন ধান এবং ৫০ হেক্টরের পানের বরজ। গতকাল শনিবার সকাল থেকে মহেশখালী-জনতা বাজার সড়ক এবং মহেশখালী-কক্সবাজার নৌপথে যানচলাচল বন্ধ রয়েছে।ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) মকবুল আহমদ বলেন, জোয়ারে ধলঘাটার প্রায় ১৫ কিলোমিটার বাঁধ লন্ডভন্ড হয়ে গেছে। ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকছে। এ কারণে জোয়ারের সময় ধলঘাটা ও মাতারবাড়ী এলাকার ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে।শাপলাপুর ইউপি চেয়ারম্যান আবদুল খালেক চৌধুরী জানান, জোয়ারের পানিতে শাপলাপুর এলাকায় ১৫ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে ৩০০টি পরিবার এরই মধ্যে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এ ছাড়া অন্যদের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে অনেক বসতবাড়ি ভেঙে গেছে।