কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়ায় গ্রামীণ অবকাঠামো সংস্কারে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির টাকায় একটি খালের গর্ত ভরাটের নামে অবৈধভাবে বাঁধ নির্মাণের কাজ চলছে। এই বাঁধ হলে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি এবং প্রায় ৪০০ একরের প্যারাবন হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে কাবিখার আওতায় উপজেলায় জানুয়ারি মাসে ১৭৭ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। এই গম দিয়ে আটটি ইউনিয়নের ১২টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর মধ্যে কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ‘কাপের খালে সৃষ্ট গর্ত ভরাট’ নামের একটি প্রকল্প জমা দেন। ওই প্রকল্পে ১৮ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। গত ২৪ ফেব্রুয়ারি এই প্রকল্পের কাজ শুরু হয়। উপকূলীয় বন বিভাগের গোরকঘাটা রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, সোনাদিয়ার ৯০০ একরের কাপের খালের পাশে ও খালের ভেতরে থাকা চরে প্রায় ৪০০ একর জমিতে ২০০৬ সালে বন বিভাগ প্রায় ৭০ হাজার বাইনগাছ লাগায়। ওই খাল দিয়ে সাগর থেকে জোয়ারের পানি বাগানে ওঠা-নামা করে। কিন্তু খালের গর্ত ভরাটের নামে অবৈধভাবে বাঁধ নির্মাণ করা হচ্ছে। এই বাঁধ নির্মিত হলে ওই খালে জলাবদ্ধতা সৃষ্টি হবে; প্যারাবনও হুমকির মুখে পড়বে। ওই প্রকল্প কমিটির সভাপতি ও কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমদ বলেন, এই খালের কারণে ঘটিখাঙ্গা থেকে সোনাদিয়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। জনগণের স্বার্থে কাপের খালে বাঁধ নির্মাণ করা হচ্ছে। বাঁধের কারণে খালে জলাবদ্ধতা তৈরি হয়ে প্যারাবন মরে যাওয়ার আশঙ্কার বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, খালের পশ্চিম দিকে পানি চলাচলের পথ রয়েছে। ওই পথ দিয়ে জোয়ারের পানি ওঠা-নামা করতে পারবে। এ কারণে প্যারাবনের গাছ মরে যাওয়ার প্রশ্নই ওঠে না। উপকূলীয় বন বিভাগের গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর ইকবাল জানান, কাপের খালের পশ্চিমে পানি চলাচলের কোনো পথ নেই। গাছগুলো বেঁচে থাকার জন্য জোয়ারের পানির প্রয়োজন। আবার বাঁধের কারণে জলাবদ্ধতা তৈরি হলে ৪০০ একর প্যারাবনের প্রায় ৭০ হাজার বাইনগাছ মারা যাবে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার বলেন, ‘খালের গর্ত ভরাটে স্থানীয় চেয়ারম্যানের জমা দেওয়া একটি প্রকল্পের জন্য ১৮ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু চেয়ারম্যান তা দিয়ে খালের ওপর বাঁধ নির্মাণ করছেন। চেয়ারম্যান খালের পশ্চিমে পানি চলাচলের ব্যবস্থা আছে দাবি করে ওই বাঁধ নির্মাণ করছেন। কিন্তু পশ্চিমে পানি চলাচলের কোনো ব্যবস্থা নেই, তা আমাদের কেউ জানাননি। খালের ওপর বাঁধ নির্মাণ করলে প্যারাবন মরে যাওয়ার আশঙ্কার বিষয়েও কেউ আমাদের জানাননি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন জানান, কাপের খালের ওপর বাঁধ নির্মাণ করলে প্যারাবনের ক্ষতি হবে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে বাঁধ নির্মাণ করলে প্যারাবনের ক্ষতি হলে প্রকল্পটি বাতিল করা হবে।