মহেশখালীতে ৪৬টি আশ্রয়কেন্দ্র ঝুঁকিপূর্ণ
১৮ বছর ধরে সংস্কার না হওয়ায় কক্সবাজারের মহেশখালীতে ৮২টি আশ্রয়কেন্দ্রের মধ্যে ৪৬টি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বড় ধরনের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ঝুঁকিপূর্ণ এসব আশ্রয়কেন্দ্র ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের সময় আশ্রয়কেন্দ্রের অভাবে উপজেলায় অসংখ্য মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। এরপর ১৯৯২ সালে উপজেলার বিভিন্ন স্থানে ৮২টি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়। কিন্তু সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে ৪৬টি আশ্রয়কেন্দ্র ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাতারবাড়ীর হংসমিয়াজিপাড়ার আশ্রয়কেন্দ্রটির বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। দরজা ও জানালাগুলো ভেঙে গেছে। বর্তমানে তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ধলঘাটা ইউনিয়নের ১৪টি আশ্রয়কেন্দ্রের মধ্যে বেশির ভাগই ঝুঁকিপূর্ণ। এসব আশ্রয়কেন্দ্রের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে।ধলঘাটা ইউনিয়নের বনজামিরাঘোনা, সরইতলা, নাছির মোহাম্মদ ডেইল ও দক্ষিণ সুতরিয়া এলাকার আশ্রয়কেন্দ্রগুলো বর্তমানে ব্যবহারের অনুপযোগী।ধলঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়াম্যান মকবুল হোসেন জানান, জনসংখ্যার তুলনায় এখানে আশ্রয়কেন্দ্রের সংখ্যা অনেক কম। পাশাপাশি অনেক আশ্রয়কেন্দ্র দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, সংস্কার না হওয়ায় আশ্রয়কেন্দ্রগুলো মরণফাঁদে পরিণত হয়েছে।বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জুনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ মামুনার রশিদ বলেন, মহেশখালীতে জনসংখ্যার অনুপাতে আরও ১০০ আশ্রয়কেন্দ্র স্থাপন করা জরুরি। একদিকে আশ্রয়কেন্দ্রের সংকট, অন্যদিকে যেসব আশ্রয়কেন্দ্র রয়েছে, তার মধ্যে কয়েকটি সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় উপজেলার লক্ষাধিক মানুষ মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, আশ্রয়কেন্দ্রগুলো জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।