মহেশখালীতে ৫টি অবৈধ করাতকল উচ্ছেদ
কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল শনিবার বন বিভাগ ও র্যাবের যৌথ অভিযানে সংরক্ষিত বনাঞ্চলের পাশে অবৈধভাবে স্থাপিত পাঁচটি করাতকল উচ্ছেদ করা হয়েছে। কক্সবাজার জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে এসব করাতকল থেকে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার হয়। বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা মোহামঞ্চদ বজলুর রহমান জানান, উপজেলার ইউনুছখালি, কালারমারছড়া বাজার ও নোনাছড়ি এলাকা থেকে পাঁচটি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে। তবে অভিযানের খবর আগে ফাঁস হয়ে যাওয়ায় করাতকল স্থাপনে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি। কক্সবাজারের উপকূলীয় বন সংরক্ষক (এসিএফ) এনামুল হক প্রথম আলোকে বলেন, প্রথম পর্যায়ে পাঁচটি অবৈধ করাতকল উচ্ছেদ হয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ করাতকল উচ্ছেদ করা হবে। এ ছাড়া অবৈধ করাতকলের মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।গত বছর ২১ ডিসেম্বর প্রথম আলোতে ‘বনের পাশে ২৩ করাতকল, আসবাবের ৭০ কারখানা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। পরে এসব অবৈধ করাতকল উচ্ছেদে উচ্চ আদালতেও মামলা হয়।