মহেশখালীতে ৭০০ একর জমিতে লবণ চাষ হচ্ছে না!
অরক্ষিত বাঁধ সংস্কার না হওয়ায় কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নে চলতি লবণ মৌসুমে প্রায় ৭০০ একর জমিতে লবণ চাষ হচ্ছে না। গত বর্ষার মৌসুমে দুর্যোগ ও জলোচ্ছ্বাসের কবলে পড়ে প্রায় চার কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গিয়ে লোকালয়ে এখন জোয়ার-ভাটা চলছে।কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত বর্ষার মৌসুমে দুর্যোগ ও জলোচ্ছ্বাসের কবলে পড়ে ধলঘাটার দক্ষিণের প্রায় চার কিলোমিটারের বাঁধ একেবারে ভেঙে গিয়ে সাগরে বিলীন হয়ে যায়। এতে করে ভেঙে যাওয়া বাঁধ দিয়ে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ে বেগুনবুনিয়া, পণ্ডিত ডেইল, খাতুরপাড়া ও বুরিয়াখালী গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। আর অরক্ষিত বাঁধের কারণে ভারতঘোনার প্রায় ৭০০ একর জমিতে স্থানীয় চাষিরা লবণ চাষ করতে পাচ্ছেন না।স্থানীয় পণ্ডিত ডেইল এলাকার বাসিন্দা ফরদ আলী ও নুরুল আমিন বলেন, ‘দীর্ঘদিন ভারতঘোনায় জমিতে লবণ চাষ করে কোনোভাবে জীবিকা নির্বাহ করে আসছি। কিন্তু গত বর্ষার মৌসুমে বাঁধ ভেঙে গিয়ে একেবারে বিলীন হয়ে যাওয়ায় চলতি লবণ মৌসুমে জমিতে লবণ চাষ করা সম্ভব হচ্ছে না।’ পাউবোর কক্সবাজারের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী জানান, অরক্ষিত বাঁধ সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। কিন্তু বরাদ্দ না আসায় বাঁধগুলো আপাতত সংস্কার করা সম্ভব হচ্ছে না।