মহেশখালীতে ৮৮ শহীদের কবরের সন্ধান
কক্সবাজারের মহেশখালীর ১০টি বধ্যভূমিতে ৮৮ জন শহীদের কবরের সন্ধান পেয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্যদের নিয়ে গঠিত অনুসন্ধান কমিটি গত ২৬ থেকে ২৯ জুলাই পর্যন্ত উপজেলার ছয়টি ইউনিয়নে এসব বধ্যভূমির সন্ধান পায়। উপজেলা প্রশাসন সূত্র জানায়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ এলাকায় বধ্যভূমি আছে কি না তা তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেয়। গত ২৬ জুলাই বধ্যভূমি অনুসন্ধান, সংরক্ষণ ও মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা তৈরির কাজ শুরু হয়। উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) আহ্বায়ক করে বধ্যভূমি অনুসন্ধান কমিটি গঠন করা হয়।কমিটি অনুসন্ধান চালিয়ে বড় মহেশখালী ইউনিয়নের দেবেঙ্গাপাড়া কবরস্থানের কাছে, দেবেঙ্গাপাড়া শ্মশানসংলগ্ন এলাকা, মুন্সির ড়েইল কবরস্থানের পাশে, হোয়ানক পুইছড়ি, কালারমার বাজারের কাছে, ঠাকুরতলা আধিনাথ পাহাড়ের পাশে, গোরকঘাটা মাছ বাজারের পাশে, দক্ষিণ হিন্দুপাড়া মাতব্বর বাড়ি শ্মশানের কাছে, পৌরসভার পালপাড়া এলাকা ও কায়স্থপাড়া শ্মশানের কাছে মোট ১০টি বধ্যভূমির সন্ধান পেয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ খালেদ মাহমুদ বলেন, মাঠপর্যায়ে অনুসন্ধান করে ১০টি বধ্যভূমিতে ৮৮ জন শহীদের কবরের খোঁজ মিলেছে। এসব বধ্যভূমি লাল পতাকা দিয়ে চিহ্নিত করে রাখা হয়েছে। ইউএনও এ টি এম কাউছার হোসেন জানান, শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মদানকে স্মরণীয় করে রাখতে বধ্যভূমিগুলোকে সরকারিভাবে সংরক্ষণ ও সংস্কার করে সেখানে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে।