মহেশখালীতে 'বন্দুকযুদ্ধে' দুই ডাকাত গুলিবিদ্ধ
কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত বৃহস্পতিবার গভীর রাতে অস্ত্র উদ্ধার করতে গিয়ে পুলিশ ও ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় গতকাল শুক্রবার ভোরে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ সময় আহত হয়েছেন উপপরিদর্শক আবুল কালামসহ চার পুলিশ সদস্য। পরে ডাকাতদের আস্তানা থেকে পুলিশ দুটি অস্ত্র ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
মহেশখালী থানা পুলিশের ভাষ্যমতে, বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ পাঁচটি হত্যাসহ ১১ মামলার পলাতক আসামি এলাকার শীর্ষ ডাকাত হেলাল উদ্দিনকে (২৮) গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তাঁর স্বীকারোক্তিমতে, বৃহস্পতিবার রাত তিনটার দিকে অস্ত্র উদ্ধারের জন্য কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলি এলাকার গোলাম কুদ্দুসের ফার্মের পশ্চিম-উত্তর দিকে ডাকাতদের আস্তানায় পুলিশ অভিযান চালালে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে পুলিশ ও ডাকাতের মধ্যে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয় হেলাল ও তাঁর অন্যতম সহযোগী ডাকাত ছানা উল্লাহ (৩৫)।
এ সময় আহত হয়েছেন মহেশখালী থানার উপপরিদর্শক আবুল কালাম ও তিন পুলিশ সদস্য কিলো মং মারমা, নয়ন বিকাশ চাকমা, তপন কান্তি দে। আহত চার পুলিশ সদস্যকে গতকাল সকালে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত উপপরিদর্শক আবুল কালাম বলেন, বন্দুকযুদ্ধ চলাকালীন আত্মরক্ষার্থে পুলিশের পক্ষে ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়েছে। এ সময় পায়ে গুলিবিদ্ধ হয়ে দুই শীর্ষ ডাকাত গুরুতর আহত হন।