মহেশখালীর ছয়টি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা কর্মকর্তা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার ছয়টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে চরম লোকবল সংকট চলছে। চিকিৎসা কর্মকর্তা না থাকায় ছয় মাস ধরে বন্ধ রয়েছে তিনটি কেন্দ্র। বাকি তিনটি চলছে জোড়াতালি দিয়ে। এর ফলে ছয় ইউনিয়নের দুই লক্ষাধিক মানুষের ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল মাবুদ বলেন, ‘লোকবল নিয়োগ চেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না।’ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার মাতারবাড়ি, ধলঘাটা, হোয়ানক, শাপলাপুর, বড় মহেশখালী ও কুতুবজোম—এই ছয়টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে একজন করে চিকিৎসা কর্মকর্তা ও উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তাসহ মোট ছয়জন করে লোকবল থাকার কথা। কিন্তু ধলঘাটা, বড় মহেশখালী ও কুতুবজোম কেন্দ্রে লোকবল না থাকায় এগুলো ছয় মাস ধরে বন্ধ রয়েছে। বাকি তিনটি কেন্দ্র শুধু উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা দিয়ে চালানো হচ্ছে।গত ১৬ মে সরেজমিনে দেখা যায়, কুতুবজোম কেন্দ্র বন্ধ রয়েছে। কেন্দ্রের আশপাশের লোকজন জানান, ছয় মাস ধরে বন্ধ রয়েছে এটি। লোকজন চিকিৎসা নিতে এসে ফিরে যাচ্ছে। একই অবস্থা উপকূলীয় দ্বীপ ধলঘাটার কেন্দ্রেরও।কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম জানান, কুতুবজোম কেন্দ্রটি চালুর জন্য কর্তৃপক্ষের কাছে অনেকবার বলা হলেও কাজ হচ্ছে না। একই কথা জানিয়ে ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ বলেন, ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষ এখন বাধ্য হয়ে হাতুড়ে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছে।উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, ছয়টি স্বাস্থ্যকেন্দ্রে সর্বমোট ৩৬ জন লোকবল থাকার কথা থাকলেও আছেন মাত্র সাতজন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ২০০৮ সালের ১৮ নভেম্বর পাঁচটি কেন্দ্রে পাঁচজন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। তাঁরা হলেন, মাতারবাড়িতে মোহাম্মদ সাইফুল্লাহ, ধলঘাটে আলতাফ হোসেন, শাপলাপুরে সুমন সেন, হোয়ানকে ছৈয়দুল আলম কোরাইসি ও বড় মহেশখালীতে অনুষেন দাশগুপ্ত। ছয় মাস পর মোহাম্মদ সাইফুল্লাহ ও সুমন সেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়। বাকি তিনজন বদলি হয়ে অন্যত্র চলে যান। আর কুতুবজোম কেন্দ্রে এখন পর্যন্ত কোনো চিকিৎসা কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়নি। যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, কেন্দ্রগুলো বন্ধ থাকায় লোকজন চিকিৎসা পাচ্ছে না। তাই স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে লোকবল নিয়োগ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে।