কক্সবাজারের মহেশখালীর ছয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিতকে কেন্দ্র করে গতকাল বুধবার সন্ধ্যায় বড় মহেশখালী বাজারে বড় মহেশখালী ইউপির দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে গুলিবিনিময় হয়েছে। পরে পুলিশ ২৫টি ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া কুতুবজোম ও মাতারবাড়ী ইউনিয়নে সংঘর্ষের ঘটনা ঘটে। এসব সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছে। স্থানীয় প্রশাসন বড় মহেশখালী নতুন বাজার ও মাতারবাড়ীর খোন্দকারপাড়ায় ৪৮ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচন স্থগিত হওয়ার প্রতিবাদে বড় মহেশখালী ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী শরীফ বাদশাহের সমর্থকরা গতকাল সন্ধ্যায় এলাকায় বিক্ষোভ মিছিল করে। নতুন বাজার দিয়ে যাওয়ার পথে প্রতিদ্বন্দ্বী এনায়েত উল্লাহর সমর্থকেরা তাদের বাধা দেয়। একপর্যায়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে গুলিবিনিময় হয়। এ সময় দুজন গুলিবিদ্ধসহ দুপক্ষের অন্তত ৬০ জন আহত হয়েছে। চেয়ারম্যান পদপ্রার্থী এনায়েত উল্লাহ অভিযোগ করেন, ‘শরীফের সশস্ত্র সমর্থকেরা মিছিল করে নতুন বাজারে আমার নির্বাচনী কার্যালয় ও একটি গাড়ি ভাঙচুর করে। এ সময় আমার ৪০ জন সমর্থককে তারা মারধর করে।’ তবে শরীফ দাবি করেন, ‘নির্বাচন স্থগিত করার প্রতিবাদে নতুন বাজার মাঠে সমাবেশের প্রস্তুতি নেওয়ার সময় এনায়েতের সমর্থকেরা বাধা দেয়। প্রতিবাদে আমার সমর্থকেরা বিক্ষোভ মিছিল বের করলে প্রতিপক্ষ গুলি চালায়। এতে দিদারুল আলম (২০) ও ছাবের আহমদ (২৮) গুলিবিদ্ধ হন। আহত হয় আরও ২০ জন। কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়ায় সন্ধ্যায় চেয়ারম্যান পদপ্রার্থী কবির আহমদ ও বোরহান উদ্দিনের সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। খোন্দাকারপাড়া এলাকায় পুলিশ ১৪৪ ধারা জারি করেছে। এ ছাড়া মাতারবাড়ী ইউনিয়নে রাত আটটার দিকে রাজঘাট ও মনহাজিরপাড়ার মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক প্রথম আলোকে বলেন, বড় মহেশখালী নতুন বাজারে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৫টি ফাঁকা গুলি চালায়। প্রায় শেষ মুহূর্তে নির্বাচন স্থগিত হওয়ায় প্রার্থী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ ভোটাররা খেপে গেছেন। নির্বাচনী সহিংসতা রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য ও পুলিশ মোতায়েন করা হয়েছে।