মহেশখালীর দুই সেতু চালু হতে কত দেরি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রায় সাত বছর আগে মহেশখালীর দরবেশকাটা নদীর ওপর দিয়ে লোক চলাচলের জন্য সেতু দুটি তৈরি করা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত সেতু দুটি জনগণের কোনো কাজে আসছে না। অযত্ন-অবহেলায় পড়ে থেকে সেতু দুটি যেমন নষ্ট হচ্ছে, তেমনি মানুষের দুর্ভোগও বাড়ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি নেই।’
গতকাল শুক্রবার সকাল ১০টায় কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ঘাটে দাঁড়িয়ে এসব কথা তুলে ধরেন গ্রামের লবণচাষি আনোয়ার হোসেন (৫৫)।
কক্সবাজার শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে দুই হাজার ৯৬৬ একরের ‘সোনাদিয়া দ্বীপ’। পর্যটনের অনন্য স্থান। এখানে স্থাপিত হচ্ছে গভীর সমুদ্রবন্দর। এই দ্বীপের দক্ষিণ পাশে প্রায় ১৫০ মিটার প্রস্থ ‘দরবেশকাটা নদী’।
মহেশখালীর মূল ভূখণ্ড ঘটিভাঙ্গার সঙ্গে সোনাদিয়া দ্বীপের সড়ক যোগাযোগ স্থাপনের জন্য এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) সাত বছর আগে নদীর ওপর প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে ২৭০ ও ২২০ মিটার লম্বা সেতু দুটি নির্মাণ করে। কিন্তু গতকাল পর্যন্ত সেতু দুটি চালু করা সম্ভব হয়নি।
সোনাদিয়া ইউপির সদস্য আবদুল গফুর বলেন, নদীর ঘটিভাঙ্গা অংশে মাতারখালের ওপর ছোট একটি কালভার্ট-সেতু নির্মাণ করা হচ্ছে না বলে বড় সেতু দুটিও চালু করা যাচ্ছে না। এতে ১৫ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
এলজিইডি মহেশখালী উপজেলা প্রকৌশলী মোশাররফ হোসেন বলেন, নানামুখী বাধার কারণে ওই কালভার্টটি তৈরি করা যাচ্ছে না।
ঘটিভাঙ্গার কৃষক জালাল আহমদ (৪৬) বলেন, ঘটিভাঙ্গা ও সোনাদিয়ায় প্রায় ১০ হাজার একর জমিতে প্রতিবছর শতকোটি টাকার লবণ, চিংড়ি, মাছ ও পান উৎপাদিত হচ্ছে। কিন্তু সড়ক যোগাযোগব্যবস্থা না থাকায় পানির দরেই এসব বিক্রি করে দিতে হচ্ছে। সমুদ্রপথে নৌকা বা ট্রলারে পণ্য পরিবহনে অতিরিক্ত টাকা খরচ হচ্ছে।
এলজিইডি কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী শাহ আলমগীর বলেন, ৪০ মিটার লম্বা ওই কালভার্ট-সেতুটি তৈরির জন্য প্রায় ৪০ লাখ টাকা বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চাহিদাপত্র পাঠানো হয়েছে। এটি তৈরি হলে আগের সেতু দুটিও চালু করা সম্ভব হবে।