মহেশখালীর দুই সড়কে চার দিন ধরে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীর দুটি গুরুত্বপূর্ণ সড়কে সরাসরি যানবাহন চলাচল চার দিন ধরে বন্ধ রয়েছে। সম্প্রতি বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলের কারণে এ সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় গত বৃহস্পতিবার থেকে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। এ অবস্থায় অন্তত পাঁচটি স্থানে গাড়ি পরিবর্তন করে লোকজনকে এ সড়কে যাতায়াত করতে হচ্ছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সাড়ে তিন লাখ মানুষ গোরকঘাটা-জনতাবাজার ও গোরকঘাটা-শাপলাপুর সড়ক ব্যবহার করে। এমনিতেই সড়ক দুটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে যান চলাচলের অনুপযোগী। তার ওপর সম্প্রতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে এই দুই সড়কের বিভিন্ন স্থানে বিধ্বস্ত হয়েছে। সড়কের বড় বড় গর্তের ওপর দিয়ে এখন গাড়ি চলাচল করতে পারছে না। সরেজমিনে দেখা গেছে, শাপলাপুর ইউনিয়নের পাহাড়ি এলাকা, ছোট মহেশখালী ইউনিয়নের বড়খোলা এলাকা, হোয়ানক ইউনিয়নের পানিরছড়া, মোহরাকাটা, ছনখোলা পাড়া ও কালারমারছড়া ইউনিয়নের চিকনিপাড়া ও ইউনুছখালী স্থানে সড়ক ভেঙে গেছে। এ ছাড়া সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে লোকজন পাঁচটি স্থানে গাড়ি পরিবর্তন করে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছে।কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবের আহমদ চৌধুরী জানান, উপজেলার সাড়ে তিন লাখ মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে যাতায়াত করছে। এ সড়ক সংস্কারের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনেকবার বলা হলেও কোনো কাজ হয়নি। তিনি বলেন, গোরকঘাটা থেকে জনতাবাজার পর্যন্ত ২৭ কিলোমিটার পথ যেতে যেখানে ৩০ মিনিট লাগার কথা, সেখানে লাগছে তিন ঘণ্টা। শাপলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল খালেক বলেন, গোরকঘাটা-শাপলাপুর প্রায় ১৬ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে।উপজেলা উপসহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ বলেন, শুধু এক কিলোমিটার সড়ক সংস্কার না হওয়ায় সম্প্রতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে শাপলাপুর সড়কে সরাসরি গাড়ি চলাচল বন্ধ রয়েছে। তবে জরুরি ভিত্তিতে সড়কটি চালু করার জন্য বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, ছোট মহেশখালী ইউনিয়নের বড়খোলায় এক কিলোমিটার সড়ক সংস্কার করার জন্য ছয় বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় ৩৭ লাখ টাকা বরাদ্দ দেয়। এরপর টাকা বাজেয়াপ্ত হওয়ার ভয়ে তৎকালীন উপজেলা প্রকৌশলী কাজ শেষ না করে বিল তুলে রাখলেও এখন পর্যন্ত সংস্কারকাজ শেষ হয়নি। বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন স্থানে ভেঙে যাওয়ায় চার দিন ধরে ওই সড়কে সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে।