মহেশখালীর দুই সড়কে যান চলাচল বন্ধ ২০ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীর দুটি সড়কে সরাসরি যান চলাচল ২০ দিন ধরে বন্ধ রয়েছে। সম্প্রতি বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলের কারণে সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ কারণে এলাকার লোকজন চরম দুর্ভোগ পোহাচ্ছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার গোরকঘাটা-জনতা বাজার ও গোরকঘাটা-শাপলাপুর সড়ক দিয়ে এলাকার সাড়ে তিন লাখ মানুষ যাতায়াত করে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে দুটি সড়কই যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সম্প্রতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে সড়ক দুটি লন্ডভন্ড হয়ে যায়। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। গর্তের ওপর দিয়ে গাড়ি চলাচল করতে পারছে না। এ কারণে ২০ দিন ধরে এই দুই সড়কে সরাসরি যান চলাচল বন্ধ। সরেজমিনে দেখা গেছে, উপজেলার ওই দুই সড়ক এখন মরণফাঁদ। বিভিন্ন স্থানে সড়ক ভেঙে গেছে। এ ছাড়া রাস্তায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এলাকার লোকজন অন্তত পাঁচটি স্থানে গাড়ি পরিবর্তন করে যাতায়াত করছে। উপজেলা উপসহকারী প্রকৌশলী নুর মোহাম্মদ বলেন, জরুরি ভিত্তিতে সড়ক চালু করার জন্য বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউসার হোসেন বলেন, সড়ক দুটি চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও সড়ক সংস্কার করার ব্যাপারে তাঁদের কোনো মাথাব্যথা নেই।