মহেশখালীর দুই সড়কে সরাসরি যান চলাচল ফের বন্ধ
কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটা-জনতাবাজার এবং গোরকঘাটা-শাপলাপুর সড়ক দিয়ে সরাসরি যান চলাচল ফের বন্ধ হয়ে গেছে। গত শুক্র ও শনিবার ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় শনিবার সকাল থেকে ওই দুই সড়ক দিয়ে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে এলাকার লোকজন যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং ওঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এ কারণে লোকজন চারটি স্থানে গাড়ি পরিবর্তন করে যাতায়াত করতে গিয়ে সীমাহীন দুর্ভোগের কবলে পড়ছে। ইতিপূর্বে বৃষ্টি ও পাহাড়ি ঢলে ওই দুটি সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় গত ৩ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত সরাসরি যান চলাচল বন্ধ ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কাউসার হোসেন বলেন, সড়ক দুটি চালু করার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করেও কোনো কাজ হচ্ছে না।