মহেশখালীর দুটি ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ হয়নি
ঈদ চলে গেলেও বিশেষ ভিজিএফের চাল কক্সবাজারের মহেশখালী উপজেলার দুটি ইউনিয়নে এখনো বিতরণ করা হয়নি। ঈদের আগে অসহায় দুস্থ নারীদের জন্য সরকার বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতিজনকে ১০ কেজি করে চাল বরাদ্দ দেয়। মাতারবাড়ী ও ধলঘাটা ইউনিয়নে অসহায় নারীদের মাঝে এ নিয়ে চরম ক্ষোভ বিরাজ করছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে সরকার বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় দুস্থদের মাঝে এ উপজেলায় ২২ হাজার ৮৪০টি পরিবারের জন্য ২২৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়। উপজেলার মোট আটটি ইউনিয়নের মধ্যে মাতারবাড়ীতে ৩১ মেট্রিক টন ও ধলঘাটায় ২২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়নি।ধলঘাটা ইউনিয়নের সুতরিয়ার এলাকার বাসিন্দা আবদুল মালেক ও আনোয়ার হোসেন জানান, সরকার ঈদের আগে এলাকার দুস্থ গরিব নারীদের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল বরাদ্দ দেয়। কিন্তু ঈদ চলে গেলেও এখন পর্যন্ত ওই চাল বিতরণ করা হয়নি।স্থানীয় ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ প্রথম আলোকে বলেন, ঈদের আগে বিশেষ ভিজিএফের চাল উত্তোলন করতে নৌকা নিয়ে খাদ্যগুদামে গেলে নদীতে পানি না থাকায় জেটিতে ভিড়তে পারেনি। এ কারণে বিশেষ ভিজিএফের চাল বিতরণও সম্ভব হয়নি। তবে কয়েক দিনের মধ্যে ওই চালগুলো বিতরণ করা হবে বলে তিনি জানান। ঘটনার সত্যতা স্বীকার করে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, অচিরেই ওই দুটি ইউনিয়নে বিশেষ ভিজিএফের চাল বিতরণ করা হবে।