মহেশখালীর পাহাড়ে অস্ত্রের কারখানার সন্ধান, গ্রেপ্তার ২
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর গহিন পাহাড়ে গতকাল সোমবার ভোরে দেশি অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পাওয়া গেছে। এ সময় র্যাব একে-৪৭-এর ৮৬টি গুলি ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করেছে। এরা অস্ত্র তৈরির কারিগর বলে র্যাব দাবি করেছে।র্যাবের ভাষ্যমতে, চট্টগ্রাম র্যাব-৭-এর একটি দল গতকাল ভোরে উপজেলার শাপলাপুর ইউনিয়নের ষাইটমারার পাহাড়ি এলাকায় দেশি অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পায়। ওই কারখানায় অস্ত্র ব্যবসায়ীদের অস্ত্র কেনাবেচা করার গোপন খবর পেয়ে তারা শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা পাহাড়ি এলাকায় অভিযান চালায়। র্যাবের সদস্যরা বদি আলমের ঝুমঘরের পাশে একটি পানের বরজে পৌঁছালে তাঁদের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় মোহাম্মদ নেছার উল্লাহ (২০) ও মোহাম্মদ কাইছার উদ্দিন (২০) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা অস্ত্র তৈরির কারিগর।পরে নেছার ও কাইছারের তথ্যের ভিত্তিতে র্যাবের সদস্যরা একই এলাকায় বদি আলমের ঝুমঘর তল্লাশি করে অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পান এবং ওই কারখানা থেকে একে-৪৭ রাইফেলের ৮৬টি গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেন। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে কার্তুজের দুটি খোসা, একটি হস্তচালিত পাম্প মেশিন, কাঠযুক্ত দুটি বাটাল, একটি হাতুড়ি, তিনটি রেদ, ১৪টি হ্যাকচো ব্লেড, একটি প্লাস, দুই টুকরা জিআই পাইপ, লোহার দুটি টুকরা, একটি লোহার পাত ও একটি সিনথেটিক ব্যাগ।র্যাবের সদস্যরা জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পাহাড়ি অঞ্চলে কারখানা থেকে অবৈধ অস্ত্র তৈরি করে বাইরে সন্ত্রাসীদের কাছে বিক্রি করছেন।গতকাল দুপুরে র্যাব গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ গ্রেপ্তার করা দুই ব্যক্তিকে মহেশখালী থানায় হস্তান্তর করেছে। র্যাব-৭-এর ডিএডি আবুল কাসেম (বিজিবি) বাদী হয়ে দুই কারিগরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন। মহেশখালী থানার ওসি (তদন্ত) এইচ এম তৌহিদ কবির মামলার বিষয়টি নিশ্চিত করেন।