মহেশখালীর পাহাড়ে আবারও অস্ত্রের কারখানার সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার জঙ্গলে একটি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের পূর্ব পাহাড়ে গহিন বনে ওই কারখানা থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র তৈরির কারিগর আবু আহমদকে (২৮) গ্রেপ্তার করা হয়। কারখানার অন্য সদস্যরা পালিয়ে যান।পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে জঙ্গলে অবস্থিত অস্ত্রের কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে একটি দেশীয় একনলা বন্দুক, একটি এলজি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ আবু আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র তৈরির সরঞ্জামের মধ্যে রয়েছে ড্রিল মেশিন, লোহার নল, প্লাস, স্প্রিং ইত্যাদি। পুলিশ আরও জানায়, গত তিন বছরে পাহাড়ি এলাকায় বেশ কয়েকটি অস্ত্রের কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং অস্ত্র তৈরির সরঞ্জামসহ বেশ কয়েকজন অস্ত্র তৈরির কারিগরকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ গত ৩০ এপ্রিল উপজেলার হোয়ানক ইউনিয়নের বড়ছড়া পাহাড়ের বনে পুলিশ একটি অস্ত্রের কারখানা গুঁড়িয়ে দেয় এবং একজনকে গ্রেপ্তার করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী জানান, অস্ত্র তৈরির কারিগর আবু আহমদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।