মহেশখালীর পাহাড়ে কারখানা, বিপুল অস্ত্র গুলিসহ গ্রেপ্তার ৩
কক্সবাজারের মহেশখালী উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় একটি অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। ওই কারখানা থেকে তাঁরা ১৪টি দেশি-বিদেশি অস্ত্র ও ১০০টি গুলি উদ্ধার করেছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার মহেশখালীর পূর্ব ফকির জুমপাড়া মোছাব্বির মিয়ার বাগানের পাশে পাহাড়ে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। র্যা ব সূত্র জানায়, গ্রেপ্তার করা তিনজন হলেন—মো. তজু মিয়া (৫০), মো. নাছির উদ্দিন (৩৭) ও আবু বক্কর সিদ্দিক (২১)। তিনজনের বাড়িই মহেশখালী উপজেলায়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে: একটি কাটারাইফেল, একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, সাতটি এলজি বন্দুক, দুটি দেশীয় একনলা বন্দুক, একটি দেশীয় দোনলা বন্দুক, একটি থ্রি-কোয়ার্টার রাইফেল, বিভিন্ন ধরনের ১০০ গুলি। র্যা ব সূত্র জানায়, র্যা বের একটি দল গতকাল ভোরে জুমপাড়া অস্ত্র কারখানার কাছে পাহাড়ে অবস্থান নেয়। এরপর তারা অস্ত্র ক্রেতাদের আসার অপেক্ষায় ছিল। ওই পাহাড়ের পাশ দিয়ে বয়ে যাওয়া ছড়া দিয়ে সকালে সাতজনের একটি দল কারখানার দিকে আসতে থাকে। তারা পাহাড়ের কিছু দূর ওঠার পর পাহাড়ের চূড়ায় র্যা ব সদস্যদের দেখতে পায়। তারা র্যা বকে লক্ষ্য করে ছয়-সাতটি গুলি ছোড়ে। র্যা বও পাল্টা ১৫টি গুলি চালায়। র্যা বের গুলির মুখে টিকতে না পেরে একপর্যায়ে তারা পিছু হটে। ধাওয়া করে র্যা ব সদস্যরা তিনজনকে আটক করেন। পরে তাঁদের নিয়ে পাশের বাঁশের তৈরি অস্ত্র কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া র্যা ব-৭-এর উপ-অধিনায়ক মেজর আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল অস্ত্র ক্রেতাদের গ্রেপ্তার করা। কিন্তু যাঁদের আটক করা হয়েছে, তাঁরা অস্ত্র তৈরির কারিগর।’ অস্ত্র ও গুলি উদ্ধার: র্যা বের আরেকটি দল চট্টগ্রাম নগরের বিমানবন্দর নেভাল একাডেমি এলাকায় পরিত্যক্ত অবস্থায় চারটি এলজি বন্দুক ও আটটি কার্তুজ উদ্ধার করেছে।