মহেশখালীর পৌর সড়কবাতিতে এক বছরেও আলো জ্বলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিকাদারের গাফিলাতির কারণে কক্সবাজারের মহেশখালী উপজেলার পৌর সড়কবাতি এক বছরেও আলোর মুখ দেখেনি। অনেক স্থানে লাগানো বাতি জরাজীর্ণ হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পৌর কর্তৃপক্ষ বলেছে, বারবার ঠিকাদারকে বলা হলেও কাজ শেষ হচ্ছে না। জানা গেছে, উপজেলার গোরকঘাটা ইউনিয়নকে বিলুপ্ত করে গত ২০০১ সালের ১২ জুলাই মহেশখালী পৌরসভা গঠিত হয়। পৌরসভা প্রতিষ্ঠার সময় সড়কে কোনো বাতি লাগানো হয়নি। কিন্তু গত ২০১০ সালের ২ ডিসেম্বর পৌর কর্তৃপক্ষ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বাতি লাগানোর কাজ শুরু করে। পরে কাজ শেষ না করে চলতি বছরের জানুয়ারি মাসে ঠিকাদার কাজ ফেলে চলে যান। এ কারণে অনেক স্থানে লাগানো সড়কবাতি ব্যবহারে অনুপযোগী হয়ে পড়ে।পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২০০৮ সালের ডিসেম্বর মাসে পৌর এলাকার বাজারসহ গুরুত্বপূর্ণ পাঁচ কিলোমিটার সড়কে বাতি লাগানোর জন্য প্রায় ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এতে পৌর এলাকায় আদালত সড়ক, মহেশখালী কলেজ সড়ক, মহেশখালী জেটি, আদর্শ উচ্চবিদ্যালয়-সংলগ্ন সড়ক, গোরকঘাটা সিকদারপাড়া সড়ক ও হিন্দুপাড়া সড়কে বাতি লাগানোর কথা। কাজের দায়িত্ব পায় মৃধা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্যাদেশ অনুযায়ী ২০০৯ সালের জুন মাসে কাজ শেষ করার কথা থাকলেও ঠিকাদারের গাফিলাতির কারণে এখনো কাজ শেষ হয়নি। পাঁচ কিলোমিটারের মধ্যে প্রায় চার কিলোমিটারে সড়কবাতি এক বছর আগে লাগানো হলেও তাতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। পৌরসভার উপসহকারী প্রকৌশলী সায়েদুল আলম প্রথম আলোকে বলেন, জরুরি ভিত্তিতে বাকি কাজ শেষ করার জন্য ঠিকাদারকে অনেকবার চিঠি ও মুঠোফোনে বলা হলেও এখনো পর্যন্ত সে কাজ শেষ করেননি। তবে সংশিষ্ট নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, পৌরসভা থেকে ফান্ড না পাওয়ার কারণে কার্যাদেশ অনুযায়ী কাজ শেষ করা সম্ভব হয়নি। তিনি বলেন, ইতিমধ্যে জেটি ছাড়া অন্যান্য এলাকায় সড়কবাতি লাগানোর কাজ শেষ হয়েছে। বাকি কাজ চলতি মাসের মধ্যে শেষ করা হবে বলে তিনি জানান। এ প্রসঙ্গে মহেশখালী পৌরসভার সচিব মোহাম্মদ সামছুদ্দিন বলেন, চলতি মাসের মধ্যে ঠিকাদার কাজ শেষ না করলে তাঁর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।