মহেশখালীর প্রধান দুই সড়কে যান চলাচল বন্ধ ১৭ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভেঙে যাওয়ায় কক্সবাজারের মহেশখালী উপজেলায় যাওয়ার প্রধান দুটি সড়কে ১৭ দিন ধরে সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ কারণে এ উপজেলার বাসিন্দাদের ১০টি স্থানে গাড়ি পরিবর্তন করে কক্সবাজার জেলা শহর থেকে উপজেলা শহরে আসতে হচ্ছে।সূত্রে জানা গেছে, মহেশখালী উপজেলায় যাতায়াতের প্রধান দুটি সড়ক হচ্ছে গোরকঘাটা-জনতাবাজার এবং শাপলাপুর-ঘটিভাঙা। খানাখন্দ সৃষ্টি হওয়ায় ও ভেঙে যাওয়ায় ৫৮ কিলোমিটার দীর্ঘ এ সড়ক দুটির ২৫ কিলোমিটার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। উপরন্তু সম্প্রতি ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সড়কের বিভিন্ন স্থান ভেঙে যাওয়ায় ১৭ দিন ধরে এই দুই সড়কে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। গোরকঘাটা-জনতাবাজার সড়কটি সড়ক ও জনপথ বিভাগের অধীন। সড়কটির ২৭ কিলোমিটারের মধ্যে ১৮ কিলোমিটারই ঝুঁকিপূর্ণ। অপরদিকে শাপলাপুর-ঘটিভাঙা সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন। এর ৩১ কিলোমিটারের মধ্যে সাত কিলোমিটারই ঝুঁকিপূর্ণ। সড়ক ও জনপথ বিভাগের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সড়কের বিভিন্ন স্থানে ভেঙে যাওয়ায় এখন সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে।