কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটা-জনতাবাজার সড়কে চার দিন ধরে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। বুধবার সকালে লবণভর্তি একটি ট্রাক চকরিয়া যাওয়ার পথে উপজেলার হোয়ানক ইউনিয়নের বড়ছড়ার বেইলি সেতুর ওপর সেটি ভেঙে পড়লে এ সমস্যার সৃষ্টি হয়। এতে স্থানীয় জনগণের পাশাপাশি আদিনাথ মন্দিরের মেলায় দূরদূরান্ত থেকে আসা তীর্থযাত্রীরা সড়কপথে যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। জানা গেছে, উপজেলার বড় মহেশখালী, হোয়ানক ও কালারমারছড়া ইউনিয়নের দুই লাখের বেশি মানুষের যাতায়াতের একমাত্র সড়ক গোরকঘাটা-জনতাবাজার সড়কটি অনেক দিন ধরে সংস্কার করা হয়নি। সংস্কারের অভাবে সড়কটি দিন দিন যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ ছাড়া গত বছর বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলে ওই সড়কটিতে বড় বড় গর্ত হয়। হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল করিম প্রথম আলোকে বলেন, সড়কটি সংস্কারের ব্যাপারে কর্তৃপক্ষকে অনেকবার বলা হলেও কাজ হচ্ছে না। এখন সেতু ভেঙে যাওয়ায় তাঁরা নতুন বিপদে পড়েছেন। তবে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, বিধ্বস্ত বেইলি সেতুর পাশাপাশি সড়ক সংস্কারের জন্য সড়ক ও জনপথ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।