মহেশখালীর বনাঞ্চলে ২১টি অবৈধ করাতকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে পাহাড়ি বনাঞ্চলের ২১টি অবৈধ করাতকলে বনের গাছ চিরাই করে পাচার করা হচ্ছে। এ কারণে নির্বিচারে বন উজাড় হচ্ছে। জানা গেছে, উপজেলার বড় মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া, শাপলাপুর, কুতুবজোম ও মাতারবাড়ীতে ২১টি অবৈধ করাতকল রয়েছে। এসব করাতকলে পাহাড়ের সেগুন, একাশি, গর্জনসহ বিভিন্ন প্রজাতির গাছ চিরাই করা হচ্ছে। সরকারি নীতিমালা অনুযায়ী বনের ১০ কিলোমিটারের মধ্যে কোনো করাতকল স্থাপন করা অবৈধ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বন বিভাগের লোকবল সংকটের কারণে মহেশখালীর ১২ নম্বর পাহাড় মৌজার ১২ হাজার একরের বনাঞ্চল বনদস্যুদের হাত থেকে তা রক্ষা করতে গিয়ে হিমশিম খাচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তিরা। এই বনাঞ্চলের এক থেকে দুই কিলোমিটারের মধ্যে প্রভাবশালী ব্যক্তিরা ২১টি অবৈধ করাতকল স্থাপন করেছে। বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, অবৈধ করাতকলগুলো উচ্ছেদ করতে গিয়ে এর আগে বেশ কয়েকবার ব্যর্থ হয়েছে বন বিভাগ। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, বড় মহেশখালী, হোয়ানক ও কালারমারছড়া এলাকায় পাহাড়ি বনাঞ্চলের প্রায় এক কিলোমিটারের মধ্যে ছয়টি অবৈধ করাতকল স্থাপন করা হয়েছে। স্থানীয় বনদস্যুরা পাহাড় থেকে রাতে গাছ কেটে এনে করাতকলে চিরাই করে বিভিন্ন স্থানে পাচার করছে বলে স্থানীয় লোকজন জানান।এদিকে গত ১৮ এপ্রিল অবৈধ করাতকল উচ্ছেদ অভিযানে মাঠে নামে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। ওই দিন ইউএনও এ টি এম কাউসার হোসেনের নেতৃত্বে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকার অবৈধ কাঠ উদ্ধার এবং ২৪টি অবৈধ করাতকলের মধ্যে তিনটি উচ্ছেদ করা হয়। বাকি ২১টি অবৈধ করাতকল অচিরেই উচ্ছেদ করা হবে বলে ইউএনও জানান। বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, অবৈধ করাতকলের কারণে পাহাড়ি বনাঞ্চল উজাড় হয়ে যাচ্ছে। উপকূলীয় বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান জানান, বনাঞ্চল রক্ষার জন্য বাকি ২১টি অবৈধ করাতকল অচিরেই উচ্ছেদ করা হবে। ইউএনও এ টি এম কাউসার হোসেন জানান, দীর্ঘদিন ধরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অবৈধ করাতকলগুলো উচ্ছেদ না হওয়ায় বনাঞ্চল উজাড় হয়েছে।