সমুদ্রপথে ট্রলারে টেকনাফ থেকে ইয়াবা পাচার করে মাত্র দুই বছরের মাথায় কোটিপতি বনে গেছেন কক্সবাজারের মহেশখালী পৌরসভার গোরকঘাটা বাজারের তরকারিবিক্রেতা মো. বাবর প্রকাশ বাবুইল্যা।
৩ নভেম্বর বিকেলে র্যা ব সদস্যরা সাগরে অভিযান চালিয়ে চার কোটি টাকা দামের ১০ কেজি ওজনের এক লাখ পিস নিষিদ্ধ ইয়াবাসহ বাবরের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার জব্দ করেন। এ সময় সাতজন পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, এক লাখ ইয়াবাসহ র্যাবের হাতে আটক টেকনাফের শফি উল্লাহ, মহেশখালীর মো. দিদার, মুজিবুর রহমান, জিয়াউর রহমান, নুরুল বশর, লাল মিয়া ও কক্সবাজার সদরের হোসেন আহম্মেদকে ইয়াবা চোরাচালান সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে আবেদন করা হয়েছে।
কোস্টগার্ড ও গোয়েন্দা সূত্র জানায়, গত ২৫ এপ্রিল ইয়াবাবোঝাই বাবরের একটি ট্রলারে কোস্টগার্ড বাহিনী হানা দিলে পাচারকারীরা গুলিবর্ষণ শুরু করে। এ সময় কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। এতে ইয়াবা ব্যবসায়ী (ট্রলারে থাকা) বাবরের মামা মিয়ানমারের নাগরিক মো. হোসেন গুলিবিদ্ধ হন। গুলিতে মারা যান মহেশখালীর মো. কালু, কক্সবাজার সদরের জহিরুল ইসলাম ও টেকনাফের মো. আমিন। গুলিবিদ্ধ মো. হোসেনও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বাবরের প্রতিবেশী ও মহেশখালী পৌরসভার গোরকঘাটা এলাকার ব্যবসায়ী রোস্তম আলী বলেন, দুই বছর আগেও বাবর গোরকঘাটা বাজারে তরকারি বিক্রির দোকানে মাসিক বেতনে চাকরি করেছেন। এরপর টেকনাফের সঙ্গে সমুদ্রপথে ইয়াবা চোরাচালানে যুক্ত হয়ে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন।
পুলিশ জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মহেশখালীতে ইয়াবা ব্যবসায়ী হিসেবে ছয় ব্যক্তির নাম রয়েছে। এর মধ্যে ৬ নম্বরে থাকা মো. সাবের, ১ নম্বরে ফজলুল হক ও ৪ নম্বরের সাইফুল ইসলাম হচ্ছে বাবর সিন্ডিকেটের অন্যতম সহযোগী সদস্য।
অভিযোগের ব্যাপারে একাধিকবার চেষ্টা করেও বাবরের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর মা মাহমুদা বেগম বলেন, বাবর মহেশখালীর বাইরে রয়েছেন। ছেলে একসময় তরকারির ব্যবসা করতেন ঠিক, কিন্তু তিনি ইয়াবা চোরাচালানে জড়িত নন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে মনজুর আলম বলেন, বাবর হচ্ছেন সমুদ্র উপকূলের ইয়াবা চোরাচালানের অন্যতম গডফাদার। তাঁকে ধরার জন্য চেষ্টা চলছে।