মহেশখালীর মাতারবাড়ি সহকারী ভূমি অফিস বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়ন সহকারী ভূমি (তহশিল) অফিস ২০ দিন ধরে বন্ধ রয়েছে। এর ফলে এলাকাবাসী খাজনার টাকা পরিশোধসহ জমি বেচাকেনা করতে পারছে না।জানা গেছে, ওই অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) কাজল কান্তি শীল সম্প্রতি অন্যত্র বদলি হয়ে যান। কিন্তু একই পদে আনোয়ারুল আজিম নামের আরেক কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হলেও তিনি গতকাল মঙ্গলবার পর্যন্ত কর্মস্থলে যোগদান করেননি। এ ছাড়া ওই অফিসের পিয়ন জামাল হোসেন স্থানীয় লোকজনের কাছ থেকে নেওয়া খাজনার টাকা নিয়ে দুই মাস ধরে উধাও হয়ে গেছেন। গতকাল সরেজমিনে গেলে খাজনা দিতে আসা মগডেইল এলাকার বাসিন্দা নুর আহমদ বলেন, ‘জমির খাজনার টাকা পরিশোধ করার জন্য এক সপ্তাহ ধরে অফিসে আসছি। কিন্তু অফিস বন্ধ থাকায় খাজনার টাকা পরিশোধ করা সম্ভব হচ্ছে না।’ ধলঘাটা ইউনিয়নের সরইতলার বাসিন্দা কফিল উদ্দিন বলেন, ‘মেয়ে বিয়ে দিতে জমি বিক্রি করার জন্য এক সপ্তাহ ধরে চেষ্টা করছি। কিন্তু অফিস বন্ধ থাকার কারণে খাজনার টাকা পরিশোধ করতে না পেরে ওই জমি বিক্রি করা যাচ্ছে না। এতে মেয়ের বিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না।’স্থানীয় মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, ২০ দিন ধরে ইউনিয়ন সহকারী ভূমি অফিস বন্ধ থাকায় স্থানীয় জনগণ খাজনা দিতে পারছেন না। তিনি অভিযোগ করে বলেন, তিনজনের কাছ থেকে নেওয়া খাজনা বাবদ ১৫ হাজার টাকা নিয়ে ভূমি অফিসের পিয়ন জামাল হোসেন দুই মাস ধরে উধাও হয়ে আছেন। মুঠোফোনে কথা হলে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ওই অফিসে আরেকজন ভূমি সহকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু তিনি কর্মস্থলে এখন পর্যন্ত কেন যোগদান করেননি, তা খতিয়ে দেখা হচ্ছে।